লেবানন-গাজায় যুদ্ধ বন্ধ না করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা নয় : ইরান
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে লেবাননসহ পশ্চিম এশিয়ার সব ফ্রন্টে সামরিক অভিযান বন্ধ করতে হবে- এমন শর্তের কথা জানিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনএসসি) সচিব মেজর জেনারেল মোহসেন রেজায়ি। গত বৃহস্পতিবার রাতে লেবাননের আল-মানার টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বৈরুত ও এর দক্ষিণাঞ্চলীয় উপশহর দাহিয়েহর পরিস্থিতি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে তেহরান। এসব এলাকা ইরানের ‘রেড লাইন’ উল্লেখ করে রেজায়ি বলেন, ‘কেউই এসব এলাকার দিকে এগিয়ে যাওয়ার অধিকার রাখে না।’ ফার্স নিউজ এজেন্সি ও তাবনাকের বরাতে তিনি আরও বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘বড় ভুলগুলো’ ইসরাইলি শাসনের পতনকে আরও কাছে নিয়ে এসেছে। একই সঙ্গে মুসলিম বিশ্বে ব্যাপক ক্ষোভ তৈরি হচ্ছে, যা একসময় শুধু বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তবে রূপ নেবে বলেও মন্তব্য করেন তিনি।
