রাশিয়ার ড্রোন হামলার পর ইউক্রেনে বিশাল বিস্ফোরণে ২৭ জনের মৃত্যু
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি গুদামে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এরপর ওই গুদামের ভেতর বিশাল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একসঙ্গে ২৭ জন মারা গেছে। এছাড় আহত হয়েছেন কয়েক ডজন মানুষ।
কিয়েভ অঞ্চলের সামরিক প্রশাসকের প্রধান তইমুর তাকাচেঙ্কো হতাহতের বিষয়টি নিশ্চিত করে গতকাল শনিবার বলেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে, এখন পর্যন্ত ২৭ জন নিহত হওয়ার ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। আর এ সংখ্যাটি চূড়ান্ত নয়, এটি বাড়তে পারে। আমি নিহতদের পরিবার ও প্রিয়জনদের কাছে সমবেদনা জানাচ্ছি।’
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার একটি ড্রোন গুদামে আঘাত হানে। যার প্রভাবে সেখানে বিস্ফোরণ হয়। আর এ বিস্ফোরণের কারণে ওই অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে ওই গুদামের ভেতর অস্ত্র অথবা বিস্ফোরক রাখা হয়েছিল। জেলেনস্কি বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেননি। তবে তিনি বলেছেন, কোনো বাড়ি অথবা আবাসিক এলাকায় অস্ত্র বা বিস্ফোরক রাখা যাবে না। ওই গুদামে এগুলো রাখা ছিল কি না তা এখন তদন্ত করা হচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার বিষয়টি নিশ্চিত করেছে।
তারা বলেছে, ইউক্রেনের কিয়েভে একটি অস্ত্র গুদামে হামলা চালিয়েছে। যেখানে ড্রোন উৎপাদনের উপকরণ ছিল।
গত কয়েকদিন ধরে রাশিয়া কিয়েভে হামলার তীব্রতা বাড়িয়ে দিয়েছে। মূলত ইউক্রেন রাশিয়ার বাণিজ্য স্থাপনাকে টার্গেট করায় মস্কোও পাল্টা ব্যবস্থা হিসেবে বাণিজ্যিক অবকাঠামোতে হামলা চালাচ্ছে।
