যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অভিযান থেকে বাঁচার উপায় জানালেন মোজতবা

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

তেহরানকে চাপে ফেলতে ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নামের যে অর্থনৈতিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র, তা থেকে ইরানের আত্মরক্ষার উপায় বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। ইরানের ইসলামি প্রজাতন্ত্রী সরকারকে তিনি অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর পরামর্শ দিয়েছেন। ইরানের সরকার সপ্তাহ উপলক্ষে গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি বার্তায় তিনি ইসলামি প্রজাতন্ত্রী সরকারকে অভ্যন্তরীণ মূল্যস্ফীতি, বেকারত্ব, মূল্য ব্যবস্থাপনা এবং পণ্য ও পরিষেবা বাজারের নিয়ন্ত্রণসহ পরস্পর সংযুক্ত অর্থনৈতিক ও জীবন-জীবিকার চ্যালেঞ্জগুলোর প্রতি মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। এক্সবার্তায় মোজতবা বলেছেন, ‘এখন গুরুত্বপূর্ণ হলো অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রতি বিশেষ মনোযোগ দেওয়া, উৎপাদন বৃদ্ধি করা, মার্কিন ডলারের গুরুত্বপূর্ণ ভূমিকা পর্যায়ক্রমে কমিয়ে আনা এবং পরিশেষে, প্রতিরোধ অর্থনীতিকে কেন্দ্রবিন্দুতে নিয়ে আসা- এগুলো সবই সেবাভিত্তিক সরকারের অন্যতম লক্ষ্য।’