যুক্তরাষ্ট্র ও ইসরাইল মুসলিমদের চির শত্রু
মোজতবা খামেনি
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি মুসলিম বিশ্বের দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে 'প্রকৃত শত্রুর' মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন| তার অভিযোগ, মুসলিমদের মধ্যে বিভেদ তৈরি করাই শত্রুপক্ষের অন্যতম প্রধান লক্ষ্য| সেইসঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের নেতৃত্ব এবং ইসরাইল মুসলিম ঐক্য ও বন্ধুত্বের 'চিরশত্রু' বলেও মন্তব্য করেন তিনি| এক প্রতিবেদনে এসব তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা
যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ইঙ্গিত করে খামেনি বলেন, 'তারা মুসলিম দেশগুলোর জাতিগত, সাংস্কৃতিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও ভৌগোলিক পার্থক্যকে কাজে লাগিয়ে বিভেদ সৃষ্টি করতে চায়|' তিনি বলেন, 'মুসলিম বিশ্বের বিভক্তি ও শক্তি দুর্বল হওয়ার সুযোগের অপেক্ষায় রয়েছে তারা, যাতে উপযুক্ত সময়ে মুসলিম দেশগুলোর ওপর নিজেদের প্রভাব ও আধিপত্য প্রতিষ্ঠা করতে পারে|' মুসলিমদের মধ্যে বিভেদ তৈরি করতে পার্তেএমন যেকোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান খামেনি|
তিনি প্রশ্ন করেন, 'মুসলিমরা যদি ঐক্যবদ্ধ থাকত, তাহলে ফিলিস্তিনিরা কি এতটা অসহায় হয়ে দখলদারদের নির্যাতন ও অপরাধের শিকার হতো?' তিনি আরও বলেন, মুসলিম দেশগুলো ইসলামি ঐক্যের ছাতার নিচে একজোট হলে হাজার হাজার কিলোমিটার দূরের কোনো শক্তির পক্ষে পারস্য উপসাগরীয় দেশগুলোর ভূমি ও সম্পদের দিকে লোলুপ দৃষ্টি দেওয়ার সাহস হতো না| মুসলিম দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের উদ্দেশে খামেনি বলেন, তাদের প্রকৃত শত্রুকে চিহ্নিত করতে হবে, শত্রুর পরিকল্পনা বুঝতে হবে এবং তার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে| তিনি যুক্তরাষ্ট্রের নেতৃত্ব এবং ইসরাইল মুসলিম ঐক্য ও বন্ধুত্বের 'চিরশত্রু' হিসেবে উল্লেখ করেন|
খামেনির ভাষায়, তারা শুধু ইরান, ইরানের জনগণ বা ইসলামি প্রতিরোধের বিরোধী নয়; পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকাসহ পুরো মুসলিম বিশ্বের জনগণের প্রতিও তাদের বৈরিতা রয়েছে|
