যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা
আবারও বাড়ল তেলের দাম
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার ঘটনায় আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। ব্যারেলপ্রতি তেলের দাম বেড়েছে এক ডলারের বেশি। মধ্যপ্রাচ্যে সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কায় সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় তেলের বাজারে এ ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। গতকাল সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র লারাক দ্বীপে ইরানের রকেট উৎক্ষেপণ ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালানোর পর ইরান জর্ডানে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর পরই আন্তর্জাতিক তেলের বাজারে নতুন করে অস্থিরতা তৈরি হয়। সোমবার বাংলাদেশ সময় ভোরের দিকে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ০৮ ডলার বা ১ দশমিক ২৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৯ দশমিক ১৮ ডলারে দাঁড়ায়। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৯২ সেন্ট বা ১ দশমিক ১০ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৩২ ডলারে পৌঁছায়। তবে পরবর্তী লেনদেনে তেলের দাম আরও বাড়ার খবরও এসেছে। এক পর্যায়ে ব্রেন্ট ৯০ ডলারের কাছাকাছি এবং ডব্লিউটিআই ৮৫ ডলারের কাছাকাছি উঠে যায়।
বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে বিঘ্নের আশঙ্কা বাড়িয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালি ঘিরে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হলে বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়তে পারে। এই জলপথ দিয়ে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন করা হয়। আইজি মার্কেটের বিশ্লেষক টনি সাইকামোর রয়টার্সকে বলেন, মনে হচ্ছে পরিস্থিতি আবারও উত্তেজনা বাড়ার একটি পর্যায়ে প্রবেশ করেছে। এই উত্তেজনা কতদিন চলবে, তা বলা কঠিন-কয়েক দিনও হতে পারে, আবার কয়েক সপ্তাহও চলতে পারে।
বিশ্লেষকদের আশঙ্কা, সংঘাত দীর্ঘায়িত হলে তেল সরবরাহে বড় ধরনের বিঘ্ন তৈরি হতে পারে। এতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বাড়ার পাশাপাশি বিশ্ব অর্থনীতিতেও নতুন করে চাপ তৈরি হতে পারে।
