২৫০০-এর বেশি কারাবন্দিকে ক্ষমা করলেন ইরানের সর্বোচ্চ নেতা

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

ইরানের বিভিন্ন আদালতে সাজাপ্রাপ্ত ২,৫৭৭ জন কারাবন্দির সাজা মওকুফ বা কমানোর একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছেন দেশটির বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। মহানবী হযরত মুহাম্মদ (সা.) এবং শিয়া মুসলমানদের ষষ্ঠ ইমাম জাফর সাদিক (আ.)-এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে দেশটির প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি এজেয়ি এই বিশেষ ক্ষমার আবেদন করেছিলেন।

হিজরি চন্দ্র ক্যালেন্ডার অনুযায়ী রবিউল আউয়াল মাসের ১৭ তারিখ তাদের জন্মবার্ষিকী পালিত হয়, যা গত শনিবার উদযাপিত হয়েছে। প্রধান বিচারপতির সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই সর্বোচ্চ নেতা এই সাধারণ ক্ষমা ঘোষণা করেন। ইরানের সংবিধানের ১১০ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, প্রধান বিচারপতির সুপারিশের ভিত্তিতে যে কোনো বন্দির সাজা কমানো বা পুরোপুরি ক্ষমা করে দেওয়ার বিশেষ অধিকার সর্বোচ্চ নেতার রয়েছে। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সাধারণ ক্ষমা সব বন্দির ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

যারা রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম, সশস্ত্র বা সংঘবদ্ধ মাদক চোরাচালান, সশস্ত্র ডাকাতি, অস্ত্র পাচার, অপহরণ, ঘুষ এবং অর্থ আত্মসাতের মতো গুরুতর অপরাধে জড়িত থাকার কারণে সাজাপ্রাপ্ত হয়েছেন, তারা কোনোভাবেই এই ক্ষমার আওতাভুক্ত হবেন না।