১০ দিন পর নেপালের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

ভয়াবহ আকস্মিক বন্যার ১০ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ কেন্দ্রের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত অবস্থায় উদ্ধার করেছে নেপালের সেনাবাহিনী। গত শনিবার আপার ত্রিশুলি-১ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে উদ্ধার করা হয়েছে তাকে। উদ্ধার সেই চীনা নাগরিকের নাম লু হাইতাও। যে সুড়ঙ্গ থেকে তাকে উদ্ধার করা হয়েছে, সেটি ২২৫ মিটার দীর্ঘ।

গত ২৬ আগস্ট বুধবার ভোতিকোশি এবং তার শাখানদী লেহন্দে নদীর একটি ব্যারিয়ার হ্রদ (তুষার,পাথর বা অন্যান্য প্রাকৃতিক বাধার কারণে পানির প্রবাহ আটকে নদীতে যে জলাধার তৈরি হয়) ভেঙে পড়ায় ভয়াবহ আকস্মিক বন্যা দেখা দেয় নেপালের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী রাসুয়া এবং সীমান্তের অপর পাশে তিব্বতের গিরং জেলায়। লাখ লাখ ঘনমিটার পানি এবং তার সঙ্গে আসা টনকে টন কাদা, পাথর, জঞ্জালে ঢেকে যায় দুই দেশের দু'জেলার বিস্তীর্ণ এলাকা। আকস্মিক বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাসুয়া। রাসুয়ার নিকটবর্তী নুয়াকোট, ধাদিং এবং চিৎওয়ান জেলাতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত প্রায় ১১ দিনে নেপালেরর রাসুয়াসহ অন্য তিন জেলা থেকে মোট ১ হাজার ৩৪২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। রাসুয়া এবং তার আশপাশের এলাকাগুলোতে কয়েকটি জলবিদ্যুৎ প্রকল্প আছে। বন্যায় সেসব প্রকল্পের সুড়ঙ্গ পথগুলো বন্যার সঙ্গে আসা কাদা-মাটি-পাথরে প্রায় বন্ধ হয়ে গেছে। লু হাইতাও হলেন তৃতীয় ব্যক্তি, যাকে কোনো জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার করা হলো।