দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় দুই শিশুসহ নিহত ১১
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণ লেবাননে রাতভর ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় দুই শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এ তথ্য জানিয়েছে।
এনএনএ জানায়, মধ্যরাতের পর কাফর রেমান শহরের একটি আবাসিক ভবনে ইসরায়েলি যুদ্ধবিমানের হামলায় দুই শিশুসহ ৯ জন নিহত ও পাঁচজন আহত হন। একই শহরে একটি গাড়ি লক্ষ্য করে চালানো ড্রোন হামলায় হিজবুল্লাহর মিত্র আমাল আন্দোলনের রিসালা স্কাউটসের দুই প্যারামেডিক নিহত হয়েছেন।
এ ছাড়া নাবাতিয়েহ, আরাব সালিম ও দেইর আল-জাহরানিতেও হামলা চালানো হয়েছে। দেইর আল-জাহরানিতে একটি ভবন ইসরায়েলি হামলায় ধ্বংস হয়। হামলার আগে ভবনটি খালি করার নির্দেশ দিয়েছিল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। হামলার বিষয়ে আইডিএফের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
