রাস্তা আটকে আন্দোলনে নামল এক ঝাঁক রোবট
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
পতাকা হাতে, স্লোগান দিয়ে এবং গোল হয়ে হেঁটে বিক্ষোভ করল একদল রোবট। গত সোমবার পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে ডিজিটাল বিষয়ক মন্ত্রণালয়ের সামনে জড়ো হয় প্রায় ৩০টি রোবট। তাদের দাবি ছিল, এআই প্রযুক্তির জন্য নিয়ম-নীতি চালু করা হোক।
এই বিক্ষোভের আয়োজন করে ডেমোক্র্যাটিজম নামের একটি সংগঠন।
সংগঠনটির ওয়েবসাইট অনুযায়ী, তাদের লক্ষ্য হলো এআই এবং রোবটকরণ কীভাবে কর্মসংস্থানকে প্রভাবিত করছে, তা নিয়ে আলোচনা শুরু করা। এজিবট এ৩ নামের একটি এআই চালিত মানবাকৃতির রোবট এএফপিকে বলে, 'এখানে যেসব রোবট আছে, তারা দেখাতে চাইছে যে এই প্রযুক্তি এখন বাস্তবতা।' লাউডস্পিকারে বাজানো হয় বিভিন্ন স্লোগান।
এর মধ্যে ছিল 'কর্মসংস্থান রক্ষা করো', 'নিয়ম চাই' এবং 'দেরি না করে নিয়ন্ত্রণ চালু করো'। বিক্ষোভে অংশ নেওয়া রোবটদের মধ্যে ছিল দুই পায়ে হাঁটা মানবাকৃতির রোবট থেকে শুরু করে কুকুরের মতো দেখতে চার পায়ের রোবটও।
