হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে ১০টি জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এই ১০ জাহাজের মধ্যে দুটি মার্কিন যুদ্ধজাহাজ, বাকি ৮টি তেলবাহী ট্যাংকার। গত বুধবার দিবাগত রাতে এক বিবৃতিতে হামলার তথ্য আইআরজিসি। ট্যাংকার জাহাজগুলো কোন দেশের, তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি।
গত মঙ্গলবার রাতে ওমান উপসাগর এবং খার্গ দ্বীপের কাছে অভিযান চালিয়ে ইরানের ৫টি ট্যাংকার জাহাজ অকেজো করে দিয়েছে মার্কিন বাহিনী। এর আগে গত ৬ এবং ৭ সেপ্টেম্বর হরমুজ প্রণালিতে ক্ষেপণাস্ত্র হামলা করে মার্কিন নৌবাহিনীর দুটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ ধ্বংস করেছিল আইআরজিসি।
৮ সেপ্টেম্বরের মার্কিন হামলার জবাব দিতে গত কাল রাতে হরমুজ প্রণালিতে হামলা চালানো হয়েছে বলে বিৃবতিতে জানিয়েছে আইআরজিসি।
এদিকে গত বুধবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, হরমুজ প্রণালিতে টহলরত মার্কিন যুদ্ধজাহাজগুলো লক্ষ্য করে আইআরজিসির হামলার মাত্রা বাড়ছে এবং এর পাল্টা জবাব হিসেবে ইরানের ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজগুলোতে আক্রমণের নীতি নিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান মার্কিন নৌবাহিনীর জাহাজগুলো লক্ষ্য করে হামলা করেই যাচ্ছে। নিয়মিত তারা এটা করছি বা করার চেষ্টা করছে। যদি তারা এই নীতি ত্যাগ না করে, তাহলে শিগগিরই নিজেদের সব বাণিজ্যিক ও ট্যাংকার জাহাজ তারা হারাবে, বলেছেন মার্কো রুবিও।
