তেলের মজুত ফুরিয়ে যাওয়ার শঙ্কায় সৌদি
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় ক্ষতিগ্রস্ত সৌদি আরবের লোহিত সাগরগামী অন্যতম প্রধান একটি তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে পুনরায় চালু করা সম্ভব না হলে দেশটির রপ্তানিযোগ্য তেলের মজুত সম্পূর্ণ ফুরিয়ে যাবে। এতে বিশ্ব বাজারে দৈনিক তেল সরবরাহের প্রায় ৪ শতাংশ ঘাটতি দেখা দেওয়ার ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন আন্তর্জাতিক তেল ক্রেতা ও ব্যবসায়ীরা। গতকাল রোববার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সৌদি আরব থেকে জ্বালানি সরবরাহ আরও কমে গেলে তা বিশ্বজুড়ে চলমান জ্বালানি সংকটকে আরও ঘনীভূত করবে। ইতোমধ্যে এই সংকটে বিশ্বজুড়ে জ্বালানির দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে, মূল্যস্ফীতি উসকে দিয়েছে এবং মার্কিন বন্ডের সুদের হার ২০০৮ সালের বৈশ্বিক অর্থনৈতিক মন্দার পর সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে। গত শুক্রবার ড্রোন হামলার পর বাধ্য হয়ে নিজেদের অন্যতম প্রধান পূর্ব-পশ্চিমের তেল পাইপলাইনের কার্যক্রম বন্ধ করে দেয়। তবে হুথিদের হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা এই গুরুত্বপূর্ণ পথ কত দিন বন্ধ থাকবে, সে বিষয়ে রিয়াদ এখনও কোনো স্পষ্ট তথ্য প্রকাশ করেনি।
