তাইজে হুথিদের ওপর বিমান হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে তাইজে অব্যাহতভাবে বিমান হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব। তাইজ থেকে সংবাদমাধ্যম আলজাজিরার সাংবাদিক আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। ইয়েমেনের সরকারি বাহিনীর একটি সূত্র জানিয়েছেন, তাইজ বিমানবন্দরে হুথিদের ব্যালিস্টিক মিসাইল ছোড়ার প্লাটফর্মকে টার্গেট করা হয়েছে। যেখান থেকে গত সপ্তাহে তারা বন্দরনগরী মোখাতে মিসাইল ছোড়ে। এরপরই স্থল হামলা চালিয়ে লোহিত সাগরের তীরবর্তী মোখা দখল করে নেয় হুথি যোদ্ধারা। আলজাজিরা জানিয়েছে, দক্ষিণ তাইজের খাদির জেলাতেও সৌদির বিমান হামলা চলছে। অপরদিকে একই সময় হুথিরা তাদের সেনা ও অস্ত্রসস্ত্র জড়ো করছে। তারা আল-সাকাব ফ্রন্টে সশস্ত্র যোদ্ধা, সাজোঁয়া যান এবং ভারী অস্ত্রসস্ত্র পাঠাচ্ছে। যা তাইজের উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত। এরআগে ধুবাব, মোখা এবং তাইজের পূর্বাঞ্চলে বিমান হামলা চালিয়েছিল সৌদি আরব।
