জি-২০ সম্মেলনে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তাব জেলেনস্কির

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তাব দিয়েছেন। আসন্ন জি-২০ সম্মেলনের অবসরে এ বৈঠক হওয়া সম্ভব বলে মনে করেন তিনি।

জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি ডিসেম্বরে মায়ামিতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন, তবে তিনি সেখানে তার সঙ্গে বৈঠক করতে প্রস্তুত।

ডয়েচে ভেলের এক বিশেষ সাক্ষাৎকারে প্রশ্নের উত্তরে জেলেনস্কি বলেন, 'হ্যাঁ, অবশ্যই। আমাদের আসতেই হবে। আমাদের দেখা করতে হবে, কথা বলতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে।'

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রায় আগ্রাসন শুরুর পর থেকে এই দুই নেতার মধ্যে সরাসরি কোনো বৈঠক হয়নি।