মধ্যপ্রাচ্যে উত্তেজনা
হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার প্রভাব পড়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে। সাম্প্রতিক সময়ে এই পথে বাণিজ্যিক জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। গত সোমবার প্রকাশিত নৌ-পরিবহন সংক্রান্ত তথ্যের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত সপ্তাহান্তে মাত্র ১২টি পণ্যবাহী জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। এর আগের সপ্তাহান্তে এই সংখ্যা ছিল ৩৫টি। বিশ্বের তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। সংঘাতের আগে প্রতিদিন গড়ে প্রায় ১২৫টি বড় বাণিজ্যিক জাহাজ এই পথে চলাচল করত। এসব জাহাজের মধ্যে তেল ও গ্যাসবাহী ট্যাংকারের পাশাপাশি বাল্ক ক্যারিয়ার ও কনটেইনার জাহাজও ছিল। কেপলারের প্রাথমিক তথ্য অনুযায়ী, গত রোববার চারটি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করে। এর মধ্যে দুটি ছিল পরিশোধিত তেলবাহী ট্যাংকার এবং দুটি খালি জাহাজ, যেগুলো পণ্য ও গ্যাস পরিবহনে ব্যবহৃত হয়। একই দিনে দুটি ছোট তেলবাহী ট্যাংকার উপসাগরীয় এলাকায় প্রবেশ করে। গত শনিবার কৃষিপণ্য, এলপিজি ও সারবাহী পাঁচটি জাহাজ উপসাগর থেকে বেরিয়ে যায়। একই সময়ে একটি খালি বড় গ্যাসবাহী জাহাজ উপসাগরে প্রবেশ করে। তবে জাহাজ চলাচল দৃশ্যমানভাবে কমে গেলেও মধ্যপ্রাচ্যের উৎপাদকরা তেল রপ্তানি পুরোপুরি বন্ধ করেননি। কিছু ট্যাংকার ট্রান্সপন্ডার বন্ধ রেখে পণ্য পরিবহন অব্যাহত রাখছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট তথ্য বিশ্লেষণ প্রতিষ্ঠানগুলো। ২৮ ফেব্রুয়ারি ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালিতে প্রতি দিন গড়ে প্রায় ১২৫টি বড় বাণিজ্যিক জাহাজ চলাচল করত। সাম্প্রতিক পরিস্থিতিতে সেই তুলনায় জাহাজ চলাচল নাটকীয়ভাবে কমে গেছে।
