ইমরান খানের মুক্তির দাবিতে ঘোষিত লংমার্চ পিছিয়ে দিল পিটিআই

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে পূর্বঘোষিত ইসলামাবাদমুখী লংমার্চের তারিখ পিছিয়ে ৪ অক্টোবর নির্ধারণ করেছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। আগে ২৭ সেপ্টেম্বর পেশোয়ার থেকে এই কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল।

গত শুক্রবার পেশোয়ারে এক সংবাদ সম্মেলনে খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী ও পিটিআই নেতা সোহেল আফ্রিদি এ সিদ্ধান্তের কথা জানান। আফ্রিদি জানান, দলের রাজনৈতিক কমিটি বৈঠক করে সর্বসম্মতভাবে ৪ অক্টোবর থেকে মার্চ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, ইসলামাবাদ অভিমুখী এই কর্মসূচির উদ্দেশ্য ইমরান খানের মুক্তিসহ সংবিধানের প্রাধান্য, স্বাধীন বিচারব্যবস্থা ও গণমাধ্যমের স্বাধীনতার দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়া।

প্রসঙ্গত, ২০২৩ সাল থেকে বিভিন্ন মামলায় অভিযুক্ত হয়ে কারাগারে বন্দি রয়েছেন ইমরান খান। তাকে মুক্তি দেওয়ার দাবিতে পিটিআই দেশব্যাপী প্রতিবাদ ও ইসলামাবাদমুখী কর্মসূচির ঘোষণা দিয়েছিল। আফ্রিদি দাবি করেন, ন্যায়বিচার হলে ইমরান আধা ঘণ্টার মধ্যেই জেল থেকে বেরিয়ে আসতেন। তবে তার চিকিৎসা ও পরিবারের সঙ্গে সাক্ষাতের বিষয়েও আদালতের নির্দেশ মানা হচ্ছে না।