ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় তিন দিনে ৬২ জনের মৃত্যু
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
টানা বৃষ্টি এবং তার জেরে সৃষ্ট বন্যায় ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে শনি-রোব এবং সোমবার— ৩ দিনে অন্তত ৬২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৪৬ জন এবং কমপক্ষে ১ হাজার ২১টি বাড়ি আংশিক বা সম্পূর্ণ বিপর্যস্ত হয়েছে। সবচেয়ে বেশি মৃত্যুর খবর এসেছে সীতাপুর, লখিমপুর খেরি, বহরাইচ, বলরামপুর, অযোধ্যা এবং গোরক্ষপুরে। রাজ্যের আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে এক প্রতিবেদনে ভারতীয় দৈনিক দ্য হিন্দু জানিয়েছে, উত্তর প্রদেশের ৭৫টি জেলার মধ্যে ৬৩টিতে অতিরিক্ত বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে এবং এই ৬৩ জেলার মধ্যে অন্তত ৮টি জেলায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছি। লখনৌয়ের আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রের জ্যেষ্ঠ বিজ্ঞানী অতুল কুমার সিং জানিয়েছেন, বঙ্গোপসাগরে সৃষ্ট আবহাওয়া ব্যবস্থা দুর্বল হয়ে পড়ায় গত সোমবার থেকে বৃষ্টিপাতের তীব্রতা কমার সম্ভাবনা রয়েছে। তিনি জানান, গতকাল মঙ্গলবার পর্যন্ত উত্তর প্রদেশের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে হালকা বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সোমবার থেকে রাজধানী লখনৌসহ বিভিন্ন এলাকায় স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।
