কারাগারে বিলাসী জীবন, রয়েছে এসি টিভি সুইমিং পুল

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার কাছে একটি কারাগারে কয়েদিদের বিরুদ্ধে বিলাসী জীবনযাপনের অভিযোগ উঠেছে। ওই কারাগারে অভিযান চালিয়ে ভিআইপি বন্দিদের জন্য শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি), বড় পর্দার টেলিভিশন ও সুইমিং পুলসহ অ্যাপার্টমেন্ট-ধাঁচের একটি এলাকা খুঁজে পেয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর জেরে কারাগারের পাঁচ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

ইন্দোনেশিয়ার সরকারি তদারকি সংস্থা ওম্বুডসম্যানের পক্ষ থেকে 'সিবিনং ক্লাস টুএ' কারাগারে চালানো এই আকস্মিক পরিদর্শনে অস্বাভাবিক সব বিলাসিতার বিষয়টি বেরিয়ে আসে। খবর সামা টিভির। এর ফলে ধনী বা প্রভাবশালী বন্দিদের বিশেষ সুবিধা পাওয়ার বিষয়টি নিয়ে জনমনে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে। জাকার্তার বাইরে অবস্থিত চার হেক্টর আয়তনের কারাগারটি মাঝারি থেকে উচ্চ-নিরাপত্তা ব্যবস্থার একটি কেন্দ্র, যেখানে 'হোয়াইট-কলার ক্রাইম' বা দাপ্তরিক ও আর্থিক জালিয়াতিসহ গুরুতর অপরাধে দণ্ডিত ব্যক্তিদের রাখা হয়। ওম্বুডসম্যানের দলটি সাংবাদিকদের নিয়ে সেখানে পৌঁছায় এবং কাঠের বেড়া দিয়ে ঘেরা একটি এলাকা দেখতে পায়। শুরুতে কারারক্ষীরা পরিদর্শকদের ভেতরে প্রবেশে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন।

কারাগার প্রধানের বাসভবনের পেছনে বেড়া-ঘেরা ওই এলাকার ভেতরে দলটি অন্তত ১০টি আবাসিক ইউনিট খুঁজে পায়; যেগুলোতে এসি, সোফা, রেফ্রিজারেটর, খাবার জায়গা এবং বিভিন্ন গৃহস্থালি সরঞ্জাম ছিল। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তদন্তকারীরা সেখানে টয়োটা আলফার্ড ও টয়োটা ফরচুনার মতো দামি গাড়িও খুঁজে পান। এ ছাড়া ওই চত্বরের ভেতরে একটি সুইমিং পুল, জিম এবং নির্মাণাধীন একটি গলফ সিমুলেটরও পাওয়া গেছে। তদন্তকারীরা কাছের একটি বাঁশঝাড় ও আবর্জনা ফেলার জায়গার মধ্য দিয়ে পেছনের দিকে একটি গোপন পথ খুঁজে পান। ওই পথ দিয়ে সরকারি তল্লাশি চৌকিগুলো পুরোপুরি এড়িয়ে ওই চত্বরে প্রবেশ বা সেখান থেকে বের হওয়া সম্ভব ছিল।

ইন্দোনেশিয়ার ওম্বুডসম্যান অফিসের সদস্য সাফ্রিয়াদা রাচমাওয়াতি রাসাহান বলেন, কিছু বন্দি এমন বিশেষ সুবিধা ভোগ করছিলেন যা সাধারণ বন্দিদের জন্য উপলব্ধ নয়। আবাসিক চত্বরের ভেতরে বন্দিদের পাওয়া গেছে। সেখানকার আবাসন ব্যবস্থা সাধারণ কারাগারের কক্ষের মতো নয়, বরং বাড়ি, অ্যাপার্টমেন্ট বা ভিলার মতো ছিল।