পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে ১৮ সন্ত্রাসী নিহত
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে ১৮ জন সন্ত্রাসী নিহত হয়েছেন। গতকাল বুধবার সামা টিভির খবরে জানানো হয়, উত্তর ওয়াজিরিস্তান ও মাস্তুং এলাকায় সন্ত্রাসীদের গোপন আস্তানা এবং তাদের গতিবিধি লক্ষ্য করে এ অভিযান চালানো হয়। খাইবার পাখতুনখাওয়ার উত্তর ওয়াজিরিস্তানে সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এ সময় ওয়াজিরিস্তান ও আশপাশের এলাকায় চালানো অভিযানে ১৩ সন্ত্রাসী নিহত হন। এদিকে বেলুচিস্তানের মাস্তুংয়ে নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানে পাঁচজন সন্ত্রাসী নিহত হন। এ ছাড়া সিয়াপুশত ও কিল্লি গাশতারি এলাকায় সন্ত্রাসীদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়। অবশিষ্ট সন্ত্রাসীদের নির্মূল করতে অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী। খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসীদের বিরুদ্ধে সফল অভিযানের জন্য প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন।
