চীনে ঘুস নেওয়ায় সাবেক মেয়রের ১৪ বছর কারাদণ্ড

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

ঘুস নেওয়ার অভিযোগে চীনের উহান শহরের সাবেক মেয়র ঝৌ শিয়ানওয়াংকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির এক আদালত। একই সঙ্গে তাকে ৫০ লাখ ইউয়ান জরিমানা করা হয়েছে। এ ছাড়া অবৈধভাবে অর্জিত সম্পদ ও অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত শনিবার হেনান প্রদেশের শাংচিউ ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট এ রায় দেন। খবর চায়না ডেইলির। আদালতের রায়ে বলা হয়, ২০০৩ সালের প্রথমার্ধ থেকে ২০২৫ সালের মে পর্যন্ত হুবেই প্রদেশে বিভিন্ন পদে দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সুবিধা পাইয়ে দেন ঝৌ। প্রকল্পের কাজের চুক্তি, ব্যবসা পরিচালনা এবং প্রশাসনিক অনুমোদনসহ বিভিন্ন ক্ষেত্রে এসব সুবিধা দেওয়া হয়। এর বিনিময়ে তিনি মোট ৬ কোটি ৫ লাখ ইউয়ানের বেশি ঘুস নেন। আদালত বলেন, ঘুসের অর্থের পরিমাণ ছিল 'অত্যন্ত বেশি' এবং এসব কর্মকাণ্ডের জন্য কঠোর শাস্তি তার প্রাপ্য। তবে কিছু ঘুসের অর্থ তিনি নিতে পারেননি এবং অপরাধ স্বীকার করেছেন। এ ছাড়া তদন্তকারীদের কাছে অজানা ঘুস লেনদেনের বহু ঘটনা স্বেচ্ছায় প্রকাশ করেছেন এবং অবৈধভাবে অর্জিত অর্থ ফেরত দিয়েছেন। এসব বিষয় বিবেচনায় নিয়ে শাস্তির ক্ষেত্রে কিছুটা নমনীয়তা দেখানো হয়েছে। প্রকাশ্য নথি অনুযায়ী, ৬৩ বছর বয়সি ঝৌ হুবেই প্রদেশের বাসিন্দা। ১৯৮০ সালের ডিসেম্বরে তিনি কর্মজীবন শুরু করেন এবং ১৯৮৭ সালের জানুয়ারিতে চীনের কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। কর্মজীবনের পুরো সময় তিনি হুবেই প্রদেশেই দায়িত্ব পালন করেন। এ সময় তিনি প্রাদেশিক রাজধানী উহানের মেয়রসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে ছিলেন। ২০২৫ সালের জুলাইয়ে ঝৌয়ের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গ ও তদারকি সংক্রান্ত তদন্ত শুরু হয়।