সৌদি-ইয়েমেন সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রস্তাব ইরানের
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে চলমান সংঘাত নিরসনে সংলাপ শুরুর উদ্যোগ নিতে এবং রাজনৈতিক সমাধানের পথ তৈরি করতে যেকোনো ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত ইরান। গত রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ আগ্রহের কথা জানিয়েছেন।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহ আল সৌদের সঙ্গে টেলিফোনে আলাপকালে এ প্রস্তাব দেন আরাগচি। এ সময় পশ্চিম এশিয়ার চলমান পরিস্থিতি নিয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা হয়। আরাগচি বলেন, উত্তেজনা ক্রমেই বাড়তে থাকায় ইরান গভীরভাবে উদ্বিগ্ন। সামরিক পদক্ষেপের ওপর নির্ভরতা এবং রাজনৈতিক সমাধানের পথ উপেক্ষা করার প্রবণতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। তিনি জোর দিয়ে বলেন, পশ্চিম এশিয়ার সংকটগুলোর কোনো সামরিক সমাধান নেই। এসব সংকট নিরসনে রাজনৈতিক উদ্যোগ ও সংলাপের বিকল্প নেই।
ইরানের এ প্রস্তাব এমন এক সময়ে এলো, যখন সৌদি আরব ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘাত তীব্র আকার ধারণ করেছে। হুতিদের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকায় সৌদি আরবের বিমান হামলা বেড়েছে। অন্যদিকে, সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি স্থাপনাসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে হুথিরা।
