হরমুজের দিকে এগোলেই মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়া হবে
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

হরমুজ প্রণালির দিকে আসার চেষ্টা করা সব মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুমকি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী। গত মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএর বরাতে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। আইআরজিসি নৌবাহিনীর জ্যেষ্ঠ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী আজমায়ি টেলিভিশনে দেওয়া বক্তব্যে বলেন, 'আমরা মার্কিন যুদ্ধজাহাজগুলোকে হরমুজ প্রণালীর প্রবেশপথে এগিয়ে আসার অপেক্ষায় আছি, যাতে আমরা সেগুলোকে ডুবিয়ে দিতে পারি। এই সংঘর্ষের জন্য ইরানি বাহিনী দিন গোনা শুরু করেছে।' তিনি দাবি করেন, মার্কিন যুদ্ধজাহাজগুলো তাদের দুর্বলতার কারণে কৌশলগত এই জলপথের কাছাকাছি আসার সাহস পাচ্ছে না। প্রায় ১ হাজার ৩০০ কোটি ডলার মূল্যের একটি মার্কিন বিমানবাহী রণতরি হরমুজ প্রণালি থেকে প্রায় ৭০০ কিলোমিটার বা ৪৩৫ মাইল দূরে সরে গেছে। যুক্তরাষ্ট্রকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে আজমায়ি বলেন, হরমুজ প্রণালি খোলা আছে নাকি বন্ধ, তা যাচাই করতে চাইলে মার্কিন বাহিনীকে সরাসরি সেখানে প্রবেশ করে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। তখন কোন পক্ষ জলপথটির নিয়ন্ত্রণে রয়েছে, তা স্পষ্ট হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। ইরানি এই কমান্ডার আরও দাবি করেন, সম্প্রতি নিষিদ্ধ বা অনুমোদনহীন চলাচলের অভিযোগে দুটি জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘটনা সম্পর্কে ইরানি বাহিনী তথ্য প্রকাশ করেছে। আজমায়ি অভিযোগ করেন, এসব ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্র ও তাদের আঞ্চলিক অংশীদারেরা সংবাদমাধ্যমে তথ্য প্রকাশ সীমিত রাখছে। হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরের নিয়ন্ত্রণ আইআরজিসি নৌবাহিনীর হাতে রয়েছে বলেও দাবি করেন আজমায়ি। তিনি বলেন, ওমান উপসাগরে দায়িত্ব পালন করছে ইরানের নিয়মিত নৌবাহিনী। এছাড়াও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে আইআরজিসি একটি বিশেষ ব্যবস্থা পরিচালনা করছে, যাকে তিনি 'স্মার্ট কন্ট্রোল' হিসেবে উল্লেখ করেন।
