ইউক্রেনকে ইইউ'র ঋণ দেওয়া
এস্তোনিয়ার প্রধানমন্ত্রী
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
আগামী বছরের বাজেট ঘাটতি মেটাতে এবং রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে কিয়েভের লড়াই চালিয়ে যেতে ইউরোপীয় ইউনিয়নকে সম্ভবত ইউক্রেনকে নতুন ঋণ দিতে হবে বলে জানিয়েছেন এস্তোনিয়ার প্রধানমন্ত্রী ক্রিস্টেন মিখাল। শুক্রবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিন শুরুর আগে মিখাল বলেন, ইউরোপীয় আর্থিক সহায়তা অব্যাহত থাকতে হবে। দীর্ঘস্থায়ী যুদ্ধে আর্থিক সহায়তা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এটি চালিয়ে যেতেই হবে... আর এ সহায়তা আসতে হবে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকেই।
বছরের ডিসেম্বরে ইইউ নেতারা ইউক্রেনকে ৯ হাজার কোটি ইউরোর বা ১ হাজার ১ কোটি ডলার ঋণ দিতে সম্মত হন, যা ২০২৬ ও ২০২৭ সালের আর্থিক প্রয়োজনের বড় অংশ মেটানোর কথা। তবে কিয়েভ বলেছে, আগামী বছর প্রতিরক্ষা ও নিয়মিত বাজেট ব্যয়ে তাদের ৭ হাজার কোটি ডলারের বেশি ঘাটতি দেখা দেবে।
ইইউতে জব্দ থাকা রুশ সম্পদ ব্যবহার করে ইউক্রেনকে অর্থায়নের পক্ষে কিছু ইউরোপীয় সরকার চাপ দিয়েছে। তবে এসব সম্পদের বেশির ভাগ যে বেলজিয়ামে রয়েছে, সেই দেশ এবং আরও কয়েকটি ইইউ সদস্য এ ধারণা আটকে দিয়েছে।
মিখাল বলেন, এবারও সম্ভাব্য সমাধান আরেকটি ইইউ ঋণ। তিনি বলেন, ইউরোপ এই পদ্ধতি অনেকবার ব্যবহার করেছে, তাই ইউরোপের কাছে একটি জানাশোনা ব্যবস্থা। তিনি আশা করেন, ইউরোপের অনেক দেশে নির্বাচনের বছর শুরুর আগে, এ বছর শেষ হওয়ার আগেই ২০২৭ সালের জন্য ইউক্রেনকে বাড়তি অর্থায়নের সিদ্ধান্ত নিতে পারবেন ইইউ নেতারা। ৯ হাজার কোটি ইউরোর ঋণের অর্থ জোগাতে ইইউ তার অভিন্ন বাজেটের বিপরীতে ঋণ নিচ্ছে। আরেকটি ঋণের অর্থ কীভাবে আসবে, এ প্রশ্নে মিখাল বলেন, আমরা পথ খুঁজে বের করব, কারণ ইউরোপ সাধারণত পথ খুঁজে পায়। আপনি সবচেয়ে অন্ধকার মুহূর্তে পৌঁছান, তারপর পথ খুঁজে পবেন।
