কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত চার, আহত ৩৯
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
কানাডার আলবার্টা প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সশস্ত্র বাহিনীর চার সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৯ জন, যাদের মধ্যে ১৯ জনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সময় গত শনিবার বিকাল ৪টার দিকে (বাংলাদেশ সময় রোববার ভোর ৪টা) কানাডিয়ান ফোর্সেস বেস ওয়েনরাইটে আগুনের সূত্রপাত হয়। এটি দেশটির অন্যতম ব্যস্ত সামরিক প্রশিক্ষণ ঘাঁটি। আগুন নিয়ন্ত্রণে এলেও কীভাবে এর সূত্রপাত হয়েছে, তা এখনও জানা যায়নি।
নিহত চার সেনা হলেন- সার্জেন্ট মরগান ওং, প্রাইভেট শন ফ্যারেল, প্রাইভেট এইডান গোল্ডিং এবং প্রাইভেট হেইডেন লাইকেমার্ক। কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনার সঙ্গে 'সন্ত্রাসী কর্মকাণ্ডের' কোনো যোগসূত্র রয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে না।
গত রোববার অটোয়া থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ঘটনাটিকে শান্তিকালীন সময়ে কানাডার ভূখণ্ডে সশস্ত্র বাহিনীর জন্য 'সবচেয়ে ভয়াবহ ট্র্যাজেডিগুলোর একটি' বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, 'আমাদের সশস্ত্র বাহিনীর যেসব সাহসী সদস্যকে আমরা হারিয়েছি, তাদের জন্য পুরো জাতি শোকাহত।'
