৫৭ বছর বয়সে ৫৮ সন্তানের পিতা!
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
চার স্ত্রী ও ৫৮ সন্তানের এক বিশাল পরিবারের ভরণপোষণ করতে গিয়ে প্রতিদিনই কঠিন বাস্তবতার মুখোমুখি হচ্ছেন আফগানিস্তানের ৫৭ বছর বয়সী মুহাম্মদ সাদেক। একদিকে সন্তানদের খাবার, পোশাক ও শিক্ষার ব্যবস্থা করা, অন্যদিকে অতি সীমিত আয়ে সংসার চালানো—সব মিলিয়ে তার জীবন এখন চরম আর্থিক সংকটে।
সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাতকারে নিজের পরিবারের দুরবস্থার কথা তুলে ধরেছেন সাদেক।
আফগানিস্তানের উরুজগান প্রদেশে বসবাসকারী সাদেকের দাবি, তার চার স্ত্রী এখন পর্যন্ত ৭০টিরও বেশি সন্তান জন্ম দিয়েছেন, যাদের মধ্যে বর্তমানে ৫৮ জন জীবিত। তার সবচেয়ে ছোট সন্তানের বয়স মাত্র তিন মাস।
সাদেক আরও জানান, তিনি একটি গাড়ির বিক্রয়কেন্দ্রে কাজ করেন। প্রতিটি গাড়ি বিক্রি করতে পারলে তিনি কমিশন হিসেবে প্রায় ১ হাজার আফগানি পান, যা তার পরিবারের প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। গাড়ি বিক্রির ওপর নির্ভরশীল এই অনিয়মিত আয়ে এতজন মানুষের খাবার, পোশাক, চিকিৎসা ও পড়াশোনার খরচ জোগানো তার পক্ষে কঠিন হয়ে পড়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, সাদেকের বাড়িঘরও অত্যন্ত জরাজীর্ণ। মাটির তৈরি ঘরে অনেক জায়গায় দরজা-জানালার বদলে পাতলা পর্দা ব্যবহার করা হয়। পরিবারের সদস্যদের গাদাগাদি করে থাকতে হয়।
