ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব, যেখানে আঘাত করতে পারে
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এই নিম্নচাপ পরে 'অর্ণব' নামের ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। ঘূর্ণিঝড়টি মূলত ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে।
ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, থাইল্যান্ড উপকূল থেকে এরইমধ্যে লঘুচাপটি আন্দামান সাগর এলাকায় অবস্থান করছে। এটি গতকাল শুক্রবার থেকে আজ শনিবারের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। আন্দামান সাগর থেকে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে এটি নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর এই নিম্নচাপ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আরও শক্তিশালী হবে।
যুক্তরাষ্ট্রের মডেল জিএফএস অনুযায়ী, এই সিস্টেম বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে অক্টোবরের শেষ দিকে।
