উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজ ঢুকতে দেবে না ইরান
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের কোনো সামরিক জাহাজ প্রবেশ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদোল্লাহি। তিনি দাবি করেছেন, মার্কিন বাহিনী এখন আর ইরানের জলসীমার কাছাকাছি যাওয়ার সক্ষমতা রাখে না। পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ধারাবাহিকভাবে পরাজয়ের মুখে পড়েছে বলে মন্তব্য করেন এই ইরানি সেনা কর্মকর্তা। তার দাবি, আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে নিজেদের শক্তি প্রদর্শন এবং হুমকি দেওয়ার হাতিয়ার হিসেবে ওয়াশিংটন মার্কিন নৌবাহিনীর ওপর নির্ভর করলেও ইরানের সশস্ত্র বাহিনী সেটিকে কার্যত অকার্যকর করে দিয়েছে। আলী আবদোল্লাহি বলেন, পারস্য উপসাগর ও ইরানের জলসীমার কাছে যাওয়ার সক্ষমতা হারিয়েছে মার্কিন নৌবাহিনী।তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্টকে এখন শুধু স্বপ্নই দেখতে হবে যে, তার দেশের সেনাসদস্য ও সামরিক বাহিনী আবার পারস্য উপসাগরে প্রবেশ করবে। তার ভাষায়, মার্কিনিরা এই আকাঙ্ক্ষা নিয়েই চিরতরে কবরে যাবে। ইরানের এই শীর্ষ সামরিক কর্মকর্তা জোর দিয়ে বলেন, কোনো পরিস্থিতিতেই এবং কোনো সময়েই যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজকে পারস্য উপসাগরে প্রবেশের অনুমতি দেবে না তেহরান। ওয়াশিংটনের ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করে দেওয়ার দাবিও চ্যালেঞ্জ করেন তিনি। আলী আবদোল্লাহি প্রশ্ন তোলেন, যুক্তরাষ্ট্র যদি সত্যিই ইরানের সামরিক শক্তি ধ্বংস করে থাকে, তাহলে মার্কিন সেনা ও যুদ্ধজাহাজ কেন হরমুজ প্রণালি কিংবা ইরানের সমুদ্র ও স্থলসীমান্তের কাছে যাওয়ার সাহস দেখাচ্ছে না?মার্কিন যুদ্ধজাহাজগুলোকে 'জংধরা' এবং দেশটির সামরিক সদস্যদের 'ভীরু' বলে আখ্যা দেন তিনি। তার দাবি, ইরানের সীমান্তের কাছে যেতে মার্কিন বাহিনীর অনীহা ওয়াশিংটনের সামরিক সক্ষমতা নিয়ে করা দাবির সঙ্গে সাংঘর্ষিক।আলী আবদোল্লাহি আরও বলেন, ইরানের নেতৃত্ব, জনগণ, সশস্ত্র বাহিনী ও কর্মকর্তারা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে আরও গভীর সংকটে নিমজ্জিত করতে দৃঢ়প্রতিজ্ঞ।
