ফ্রান্সে জোরালো বিক্ষোভের ডাক
অগ্নি পরীক্ষায় ম্যাক্রোঁ
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

ফ্রান্সজুড়ে গত শনিবারের বিক্ষোভে বিশাল নিরাপত্তা অভিযানের মাধ্যমে সহিংসতা অনেকটা নিয়ন্ত্রণে এলেও সরকারের ওপর চাপ ধরে রাখতে আরও সমাবেশের ডাক দিয়েছে বিক্ষোভকারী গোষ্ঠী ও ট্রেড ইউনিয়নগুলো। গত রোববার তারা পরবর্তী শনিবার ফের রাস্তায় নামার আহ্বান জানায়। একই সঙ্গে ৫ নভেম্বর দেশব্যাপী ধর্মঘটেরও ডাক দেওয়া হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শনিবারের বিক্ষোভে অংশ নিয়েছে ৪ লাখ ১০ হাজার মানুষ। এসময় মোতায়েন ছিল ৭০ হাজার পুলিশ সদস্য। এর ফলে ১৭ অক্টোবরের মতো লুটপাট ও ভাঙচুরের ঘটনা এড়ানো গেছে। সেদিন দেশের বহু শহরে এ ধরনের সহিংসতা ছড়িয়ে পড়েছিল। শ্রমিক নেতারা বলছেন, মজুরি, জীবনযাত্রার ব্যয় ও গণসেবা নিয়ে হতাশা এখন গত মাসে প্রথম মাঠে নামা শিক্ষার্থী আন্দোলনের গণ্ডি ছাড়িয়ে অনেক দূর ছড়িয়ে পড়ছে। বামপন্থি ট্রেড ইউনিয়ন ফেডারেশন সলিডেয়ার্সের সহ-নেতা মুরিয়েল গিলবার বিএফএম টিভিকে বলেন, আমরা ক্ষোভের একটি সম্মিলন দেখতে পাচ্ছি। তিনি জানান, শিক্ষার্থী, শ্রমিক, দমকলকর্মীসহ বিভিন্ন গোষ্ঠীর অভিযোগ একসঙ্গে মিলে যাচ্ছে। তিনি বলেন, আমরা মানুষকে আগামী শনিবার রাস্তায় নামার আহ্বান জানাচ্ছি।
শিক্ষকদের সংগঠন এসইউডি এডুকেশন জানিয়েছে, তারা ৩১ অক্টোবরের বিক্ষোভে যোগ দেবে। দেশের বড় ইউনিয়ন সিজিটি সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে। ২০১৮ সালে জ্বালানি করের বিরুদ্ধে বিদ্রোহ থেকে উঠে আসা তৃণমূল আন্দোলন ইয়েলো ভেস্টস-ও আগামী শনিবার গণসমাবেশের ডাক দিয়েছে। এর মধ্যে রয়েছে টাউন হল ও ন্যাশনাল অ্যাসেম্বলির সামনে অবস্থান কর্মসূচি। আন্দোলনকর্মী আজেলমা সিগো সাংবাদিকদের বলেন, এই দেশে ক্ষোভ আছে।
