যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরায়েলি হামলায় নিহত চার
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় আহত আরও একজনের মৃত্যু হয়েছে। এতে আল-মাওয়াসি এলাকায় একটি চেকপয়েন্টে হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৩০ জনের বেশি মানুষ।
দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকায় তাঁবুতে বসবাস করছেন বাস্তুচ্যুত হাজারো ফিলিস্তিনি। কয়েক বছর আগে ইসরাইলি সামরিক বাহিনী এলাকাটিকে 'নিরাপদ অঞ্চল' হিসেবে ঘোষণা করেছিল। তবে এরপরও সেখানে প্রাণঘাতী হামলার ঘটনা ঘটছে। এদিকে, গাজা সিটির পূর্বাঞ্চলে একটি বাড়ি লক্ষ্য করে ইসরাইলি বাহিনীর গোলাবর্ষণে নারী ও শিশুসহ অন্তত ১১ জন আহত হয়েছেন। অ্যাম্বুলেন্স ও জরুরি সেবায় নিয়োজিত একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
এ ছাড়া গাজা সিটির পূর্বে আল-তুফাহ এলাকার কাছেও গুলি চালিয়েছে দখলদার বাহিনী।
মধ্য গাজার বুরেইজ শরণার্থীশিবিরে একটি ফাঁকা আবাসিক ভবন লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। তবে এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
অন্যদিকে, উত্তর গাজার জাবালিয়া শরণার্থীশিবিরের পূর্বাঞ্চলেও ইসরাইলি বাহিনীর গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। গাজার বিভিন্ন এলাকায় এসব হামলার ঘটনায় হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে আরও তথ্য জানার চেষ্টা চলছে।
