যুদ্ধ বন্ধে আলোচনা করছে ইরান, খুলতে পারে হরমুজ প্রণালি

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধ এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা করছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, যুদ্ধ বন্ধে তেহরানের প্রস্তাবিত সাত দিনের পরিকল্পনা এক সপ্তাহেরও কম সময়ে বাস্তবায়নের উপায় নিয়ে আলোচনা চলছে।

গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, 'আমাদের সাহসী সশস্ত্র বাহিনী মাতৃভূমি রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত। তবে ইরান কূটনীতির সফল হওয়ার সুযোগ দিয়ে যাচ্ছে।'

তিনি আরও বলেন, 'আমরা মধ্যস্থতাকারীদের সঙ্গে ঘনিষ্ঠ ও নিয়মিত যোগাযোগ রাখছি। কীভাবে সাত দিনের পরিকল্পনাটি এক সপ্তাহেরও কম সময়ে বাস্তবায়ন করা যায়, তা নিয়ে বিভিন্ন প্রস্তাব পর্যালোচনা করা হচ্ছে।' যুক্তরাষ্ট্র ও ইসরাইল গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর নতুন করে হামলার হুমকি দিয়ে আসছে। এমন পরিস্থিতির মধ্যেই যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। গত সেপ্টেম্বরে যুদ্ধ বন্ধে সাত দিনের একটি পরিকল্পনা প্রস্তাব করেছিল ইরান। কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে এ প্রস্তাব পাঠানো হয়। সে সময় আরাগচি জানিয়েছিলেন, মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধবিরতিসহ প্রয়োজনীয় শর্ত পূরণ হলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া হবে।