ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৩৯ জন হুথি কমান্ডার-যোদ্ধা নিহত

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

'অপারেশন ডন অব ইয়েমেন' বা 'ইয়েমেনের ভোর' নামের সামরিক অভিযানের আওতায় ইয়েমেনের হুথি বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে গত সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৭৪৯টি আঘাত হেনেছে ইয়েমেনি সেনাবাহিনী।

এসব আঘাতে নিহত হয়েছেন ২৩৯ জন হুথি কমান্ডার ও যোদ্ধা এবং ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে গোষ্ঠীটির ১১৭টি সামরিক যান ও যুদ্ধ সরঞ্জাম। গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজিদ আল নুজাইলি। সোম-মঙ্গলবারের অভিযানে হুথি বাহিনীর কয়েকটি কমান্ড সেন্টার, দুর্গ, ফায়ারিং পজিশন, জমায়েতের স্থান এবং সরবরাহ রুটকে লক্ষ্যবস্তু করা হয়েছে উল্লেখ করে এক্সবার্তায় কর্নেল নুজাইলি বলেন, এসব হামলার উদ্দেশ্য ছিল হুথিদের মাঠ পর্যায়ের কমান্ড কার্যক্রমকে ব্যাহত করা, তাদের গোলাবর্ষণের স্থানগুলোকে অকার্যকর করা এবং সম্মুখসারির ইউনিটগুলোর কাছে যোদ্ধা ও রসদ পৌঁছানোকে বাধাগ্রস্ত করা।

যেসব উদ্দেশ্যে এসব অভিযান পরিচালনা করা হয়েছিল, সেসব সফল হয়েছে বলে দাবি করেছেন কর্নেল নুজাইলি। এক্সাবার্তায় তিনি আরও জানান, ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ তাইজে সেনাবাহিনী ও তাদের মিত্র 'পপুলার রেজিস্ট্যান্স' বাহিনী নিজেদের অর্জিত অবস্থানগুলোকে সুসংহত করছে এবং হুথিদের ওপর চাপ বাড়িয়ে চলেছে।

তাইজের পাশাপাশি আল-জওফ, মারিব ও আল-বায়দা প্রদেশসহ দক্ষিণাঞ্চলীয় ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফ্রন্টগুলোতেও সামরিক অভিযান অব্যাহত রয়েছে উল্লেখ করে ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, 'সশস্ত্র বাহিনী তাদের সামরিক পরিকল্পনা অনুযায়ী অভিযান চালিয়ে যাবে, তবে একই সঙ্গে বেসামরিক নাগরিক ও অবকাঠামোর সুরক্ষায় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করবে।' এদিকে, হুথিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহইয়া সারী এক্সে পোস্ট করা এক বার্তায় দাবি করেছেন, সোম-মঙ্গলবারের ২৪ ঘণ্টায় সৌদি যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ১০১টি হামলা চালিয়েছে ইয়েমেনি বাহিনী এবং এসব হামলায় রাজধানী সানা এবং বিভিন্ন প্রদেশের বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।