এনভিডিয়া প্রধানকে ঘিরে চীনা গুপ্তচর চক্রান্তের খবর ভিত্তিহীন: বেইজিং

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে লক্ষ্য করে চীনা গুপ্তচর চক্রান্তের যে দাবি করা হয়েছে, তা ভিত্তিহীন জল্পনা বলে উড়িয়ে দিয়েছে বেইজিং। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানায়। তুরস্কের সরকারি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে।

নিয়মিত ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন দ্য নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনের প্রসঙ্গ তুলে বলেন, সংশ্লিষ্ট প্রতিবেদনটি ভিত্তিহীন জল্পনার ওপর দাঁড়িয়ে আছে। চীনকে কালিমালিপ্ত করার চেষ্টা ছাড়া এটি আর কিছুই নয়। প্রতিবেদনে বলা হয়েছে, সিঙ্গাপুরভিত্তিক ডেটা সেন্টার প্রতিষ্ঠান মেগাস্পিডের সঙ্গে যুক্ত এক চীনা নির্বাহী চীনা গোয়েন্দা সংস্থার সম্পদ হিসেবে কাজ করে বেইজিংয়ে তথ্য পাঠাচ্ছিলেন বলে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা সিদ্ধান্তে পৌঁছেছেন।

তদন্ত সম্পর্কে অবহিত অজ্ঞাত সূত্রের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়, এনভিডিয়ার উন্নত এআই চিপ চীনে পাঠানো হচ্ছে কি না, সে সন্দেহে প্রতিষ্ঠানটি নজরদারির মধ্যে ছিল।