ট্রাম্পের রিসোর্টের পাশে বিমান বিধ্বস্ত, নিহত ৯
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

ফ্লোরিডার একটি আবাসিক এলাকায় একটি বিজনেস জেট বিধ্বস্ত হয়ে আরোহী ৯ জনই নিহত হয়েছেন। গত রোববারের এ ঘটনার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিসোর্ট মার-আ-লাগো থেকে প্রায় ৯ মাইল (১৪ কিলোমিটার) দূরে, ধনীদের এলাকা পাম বিচ কাউন্টির ক্রেস্টহ্যাভেন পাড়ার কাছে পূর্বাঞ্চলীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাস্থলের ছবিতে আবাসিক সড়কে বিশাল গর্ত দেখা গেছে। সেখানে আগুনের শিখা জ্বলছে এবং লিয়ারজেট ৬০ বিমানের কংক্রিটের টুকরো ও ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে আছে। ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক বিবৃতিতে জানায়, বিমানটি টেক্সাসের অস্টিন থেকে ছেড়ে বাহামাসের দিকে যাচ্ছিল। মার্কিন গণমাধ্যমের খবর ও ফ্লাইট বিশ্লেষণে ইঙ্গিত মিলেছে, বিধ্বস্ত হওয়ার আগে জেটটি প্রতি সেকেন্ডে শত শত ফুট হারে নিচে নামছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত অযাচাইকৃত ফুটেজে ড্যাশ ক্যামেরায় ধারণ করা ঘটনার মুহূর্ত দেখা যায় বলে মনে হচ্ছে। এতে আবাসিক শহরতলির একটি সড়কে যানবাহন চলার সময় হঠাৎ একটি বিমান প্রায় খাড়াভাবে মাটিতে আছড়ে পড়ে এবং বিশাল আগুনের গোলায় বিস্ফোরিত হয়। দুর্ঘটনার পর সংবাদ সম্মেলনে ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস সাংবাদিকদের বলেন, ওই ভিডিও দেখলে মন নাড়া দেয়। মনে হয় যেন একটি ক্ষেপণাস্ত্র নেমে আসছে, আর বিশাল বিস্ফোরণ হচ্ছে, ধ্বংসাবশেষ চারিদিকে ছিটকে পড়ছে। বিমানে কারা ছিলেন, তা এখনও স্পষ্ট নয়। ডিস্যান্টিস বলেন, এ মুহূর্ত পর্যন্ত মাটিতে থাকা কারও নিহত বা আহত হওয়ার কোনো খবর আমাদের কাছে নেই।
পরিবহনমন্ত্রী শন ডাফি ঘটনাটিকে ভয়াবহ ট্র্যাজেডি বলে বর্ণনা করেছেন। তিনি জানান, জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ডের (এনটিএসবি) তদন্তে সহায়তা করতে এফএএ একটি দল পাঠাচ্ছে। ডাফি আরও বলেন, যাদের আমরা হারিয়েছি, তাদের পরিবার ও প্রিয়জনদের জন্য প্রার্থনায় আমার সঙ্গে যোগ দিন। পাম বিচ কাউন্টি ফায়ার রেসকিউ ঘটনাটিকে গণ-হতাহতের ঘটনা ঘোষণা করেছে। পাম বিচ কাউন্টি শেরিফের কার্যালয় জানায়, ছয় লেনের মিলিটারি ট্রেইল সড়কে দুর্ঘটনাটি ঘটেছে। সড়কটির পাশে ব্যবসাপ্রতিষ্ঠান ও খাবারের দোকান রয়েছে। সংবাদ সম্মেলনে ডিস্যান্টিস ও স্থানীয় কর্মকর্তারা জানান, কাছের একটি ট্রেলার-পার্ক এলাকা থেকে ৬০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হচ্ছে। তারা বলেন, দুর্ঘটনার আঘাতে পানির লাইনসহ স্থানীয় অবকাঠামোর যথেষ্ট ক্ষতি হয়েছে। সড়কটি আবার চালু হতে অন্তত ৩০ দিন লাগবে। দুর্ঘটনার সময় ওই এলাকায় বজ্রসহ বৃষ্টির খবর ছিল। সংবাদ সম্মেলনের সময়ও ভারি বৃষ্টি হচ্ছিল। রোববার সকালে মার-আ-লাগোতে ছিলেন ট্রাম্প। দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা আগে কাছের একটি বিমানবন্দর থেকে তিনি এয়ার ফোর্স ওয়ানে রওনা হন।
