রুশ তেল শোধনাগারে ইউক্রেনের ভয়াবহ হামলা
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপ উপেক্ষা করে রাশিয়ার তেল শোধনাগারগুলোতে আবারও হামলা শুরু করেছে ইউক্রেন। গতকাল রোববার রুশ কর্মকর্তারা অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রের অনুরোধ উপেক্ষা করে মস্কোর জ্বালানি অবকাঠামোতে হামলা অব্যাহত রেখেছে কিয়েভ।
রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রোববার রাতে ইউক্রেনের দূরপাল্লার ড্রোন হামলায় রাশিয়ার নিজনি নভগোরোদ অঞ্চলের কস্তোভো তেল শোধনাগারে আগুন লাগে। এর কিছুক্ষণ আগেই সামারা অঞ্চলে রুশ রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান রোসনেফটের মালিকানাধীন আরেকটি বড় তেল শোধনাগারে হামলা চালানো হয়। এর আগে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল, হোয়াইট হাউসের চাপের মুখে রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে সম্মত হয়েছে ইউক্রেন। তবে ইউক্রেনের কর্মকর্তারা কিয়েভ ইন্ডিপেনডেন্টকে জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্টের জামাতা জ্যারেড কুশনারের পক্ষ থেকে ৩০ দিনের জন্য হামলা স্থগিত রাখার যে অনুরোধ করা হয়েছিল, তাতে কিয়েভ কখনো সম্মতি দেয়নি। রুশ কর্মকর্তাদের দাবি, শুক্রবার থেকেই রাশিয়ার তেল শোধনাগারগুলোতে ইউক্রেনের হামলা আবার শুরু হয়েছে। এ পরিস্থিতিতে ক্রেমলিনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, কিয়েভ এখন যুক্তরাষ্ট্রের ইচ্ছাকে সরাসরি উপেক্ষা করছে। এদিকে বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধির জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে দায়ী করেছেন ট্রাম্প। গত মাসে রাশিয়ার ডিজেলের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞাও প্রত্যাহার করেন তিনি।
সাম্প্রতিক হামলার বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি জেলেনস্কি। তবে রাশিয়ার রোস্তভ অঞ্চলে ক্ষেপণাস্ত্র উৎপাদনকারী একটি প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠানে হামলার কথা জানিয়েছেন তিনি।
