প্রথম মুসলিম মার্কিন সিনেটর ইতিহাস গড়লেন আল-সাইয়েদ
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের সবচেয়ে বেশি আলোচিত মিশিগানের সিনেটর নির্বাচনে জয়ী হয়ে প্রথম মুসলিম হিসেবে গুরুত্বপূর্ণ এই পদে ইতিহাস গড়লেন ডেমোক্র্যাট প্রার্থী আব্দুল আল-সাইয়েদ।তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনি লড়াইয়ে প্রগতিশীলদের প্রিয় মুখ আব্দুল আল-সাইয়েদ রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করেছেন। যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ 'সুইং স্টেট' (যেখানে কোনো নির্দিষ্ট দলের আধিপত্য নেই)-এ অর্জিত এই জয় ডেমোক্র্যাটিক পার্টির বামপন্থি অংশের জন্য একটি বড় সাফল্য। মিশরের অভিবাসী দম্পতির সন্তান আল-সাইয়েদ যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর হতে যাচ্ছেন। জনস্বাস্থ্যের সাবেক এই কর্মকর্তা, যিনি আগে কখনো কোনো নির্বাচিত পদে দায়িত্ব পালন করেননি, আট বছর আগে মিশিগানের ডেমোক্র্যাটিক দলীয় গভর্নর পদপ্রার্থী বাছাইয়ের নির্বাচনে বড় ব্যবধানে পরাজিত হয়েছিলেন। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে তিনি এখন যুক্তরাষ্ট্রের সিনেটে নিজের আসন নিশ্চিত করলেন। আল-সাইয়েদ ডেমোক্র্যাটিক প্রাইমারি এবং সাধারণ নির্বাচন— উভয় ক্ষেত্রেই প্রতিপক্ষের বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের চ্যালেঞ্জ কাটিয়ে জয়ী হয়েছেন। তার এই জয় এসেছে তৃণমূল পর্যায়ের প্রচারণার মাধ্যমে, যার মূল ভিত্তি ছিল সর্বজনীন স্বাস্থ্যসেবা, নির্বাচনি প্রক্রিয়ায় বাইরের অর্থের প্রভাব দূর করা এবং ইসরায়েলের কঠোর সমালোচনা।
আল-সাইয়েদের এই জয় ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে সংশ্লিষ্ট আন্দোলনকে আরও শক্তিশালী করবে। এটি প্রমাণ করে যে, যারা এই প্রগতিশীল এজেন্ডাকে গ্রহণ করে, তারা গুরুত্বপূর্ণ নির্বাচনি অঙ্গরাজ্যগুলোতেও জয়লাভ করতে সক্ষম। রিপাবলিকানরা রজার্সের জন্য পথ সুগম করে দিয়েছিল। রজার্স একজন সাবেক কংগ্রেসম্যান, যিনি দুই বছর আগে সিনেট নির্বাচনে তৎকালীন প্রতিনিধি এলিসা স্লটকিনের কাছে অল্প ব্যবধানে পরাজিত হয়েছিলেন।
