
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদে জয় অর্জন করেছেন অন্তত সাতজন মুসলিম আইনপ্রণেতা। নাগরিক অধিকার, স্বাস্থ্যসেবা এবং গাজায় চলমান গণহত্যার মধ্যে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের শর্তহীন সামরিক সহায়তা দেওয়ার বিরুদ্ধে প্রচার চালিয়ে এই প্রার্থীরা এই ঐতিহাসিক জয় ছিনিয়ে এনেছেন। গত মঙ্গলবার অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে ওয়াশিংটনে ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন এসেছে, যেখানে রিপাবলিকানদের হারিয়ে ডেমোক্র্যাটরা সিনেট ও প্রতিনিধি পরিষদ উভয় কক্ষের নিয়ন্ত্রণ দখল করেছে। ৪২ বছর বয়সি ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সাইয়েদ সাবেক রিপাবলিকান প্রতিনিধি মাইক রজার্সকে হারিয়ে প্রথম মুসলিম হিসেবে মার্কিন সিনেটর নির্বাচিত হয়েছেন। চিকিৎসক ও সাবেক জনস্বাস্থ্য কর্মকর্তা এল-সাইয়েদ অবসরপ্রাপ্ত সিনেটর গ্যারি পিটার্সের আসনে জয়ী হন। নির্বাচনি প্রচারণাকালে তিনি রিপাবলিকান ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধর্মীয় আক্রমণের শিকার হন। সাইয়েদ ইসরায়েলে যুক্তরাষ্ট্রের শর্তহীন অস্ত্র হস্তান্তরের সমালোচনা করেন এবং গাজায় ইসরায়েলি অভিযানকে গণহত্যা বলে আখ্যা দেন। ৫৬ বছর বয়সি ডেমোক্র্যাট প্রার্থী আদম হামাভি নিউ জার্সির ১২তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে রিপাবলিকান গ্রেগ মেলেকে হারিয়ে প্রথম মুসলিম প্রতিনিধি হিসেবে রাজ্যটির প্রতিনিধিত্ব নিশ্চিত করেন।