ইরান যুদ্ধের তহবিল বন্ধ করতে মার্কিন সিনেটরের আহ্বান

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

ইরান যুদ্ধের তহবিল বন্ধে মার্কিন পার্লামেন্ট কংগ্রেসকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ডেমোক্র্যাট সদস্য ক্রিস ভ্যান হোলেন। তার অভিযোগ, ইরানে প্রেসিডেন্ট ট্রাম্প একটি 'বেআইনি ও স্বেচ্ছাধীন' যুদ্ধ চালিয়ে যাচ্ছেন।

এছাড়া ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ইরান যুদ্ধে নিহত এবং আহত মার্কিন সেনাদের প্রকৃত সংখ্যা গোপন করার অভিযোগও তুলেছেন তিনি। গত বুধবার কংগ্রেসের উচ্চ ও নিম্নকক্ষে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ক্রিস ভ্যান হোলেন লিখেছেন, 'প্রেসিডেন্ট, যিনি নিয়মিতভাবে তার সামরিক সদস্যদের হতাহতের তথ্য গোপন করে আসছেন, তিনি এখন ইরানের বিরুদ্ধে তার এই বেআইনি ও স্বেচ্ছাধীন যুদ্ধে আরও ১০ হাজার পর্যন্ত সেনা পাঠাচ্ছেন। ট্রাম্প যখন বলেন যে তিনি আগামী মাসে নতুন করে হামলা পরিচালনা করার পরিকল্পনা করছেন, তখন তার কথা বিশ্বাস করুন। কংগ্রেসের উচিত এই যুদ্ধে অর্থায়ন বন্ধ করে দেওয়া।'

এদিকে সম্প্রতি এর আগে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, পেন্টাগন মধ্যপ্রাচ্যে তৃতীয় একটি এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ (বিমানবাহী রণতরী কেন্দ্রিক নৌবহর) এবং অতিরিক্ত মেরিন কোর জাহাজ মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। নভেম্বরের শুরুর দিকে মধ্যবর্তী নির্বাচনের পর ট্রাম্প ইরানের ওপর পুনরায় হামলা চালানোর বিষয়টি বিবেচনা করছেন বলে জানা গেছে।

'দ্য ওয়াল স্ট্রিট জার্নাল'-এর গতকাল বৃহস্পতিবারের প্রতিবেদন অনুযায়ী, এই মোতায়েনের ফলে ওই অঞ্চলে আরও প্রায় ৯ হাজার থেকে ১০ হাজার মার্কিন সেনা যুক্ত হতে পারে।

সংবাদপত্রটির উদ্ধৃত কর্মকর্তাদের তথ্যমতে, এসব যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান, মেরিন সেনা এবং নাবিকদের নভেম্বরের শেষ নাগাদ সেখানে পৌঁছানোর কথা রয়েছে। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার পরের দিন অর্থাৎ ৪ নভেম্বরেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করবে মার্কিন বাহিনী।

তবে মধ্যবর্তী নির্বাচনে নিজের রাজনৈতিক দল রিপাবলিকান পার্টির ভরাডুবির পর গতকাল বুধবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে তিনি বলেছেন, ইরানে ফের নতুন করে অভিযান পরিচালনার কোনো পরিকল্পনা তার নেই।