যুক্তরাষ্ট্র-পাকিস্তান থেকে অর্থ পাচ্ছে ককরোচ জনতা পার্টি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
দলটির সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থদাতা, পাকিস্তানের রাজনীতিক এবং ভারতবিরোধী বিভিন্ন সংগঠনের যোগাযোগ রয়েছে বলে দাবি করেছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ। তার অভিযোগ, বিদেশি বিভিন্ন উৎস থেকে অর্থ নিয়ে দেশের বিরুদ্ধে নেতিবাচক প্রচার চালাচ্ছে দলটি। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন দলটির নেতারা। সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে জিতেন্দ্র সিংহ বলেন, ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক, নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিরুদ্ধে তাদের কাছে পর্যাপ্ত তথ্যপ্রমাণ রয়েছে। ভারতবিরোধী বিভিন্ন বেসরকারি সংগঠন এবং দেশের ভেতরে ও বাইরের কয়েকটি সংস্থার কাছ থেকে দলটি অর্থ পেয়েছে বলে দাবি করেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রীর ভাষ্য, বিদেশি অর্থায়নে পরিচালিত সংগঠন, তথাকথিত গভীর রাষ্ট্রের সঙ্গে যুক্ত ব্যক্তি এবং ভারতবিরোধী শক্তিগুলো সমন্বিতভাবে কাজ করছে।
