গাজায় বন্যায় আশ্রয়হীন হাজার হাজার মানুষ
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনি ছিটমহল গাজায় প্রবল বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে। এতে বাস্তুচ্যুত হাজার হাজার ফিলিস্তিনি ফের আশ্রয়হীন হয়ে পড়েছেন। বন্যায় তাদের তাঁবু ও আশ্রয়স্থলগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।
গাজার তথ্য মন্ত্রণালয়ের ভাষ্য অনুাযায়ী, গত শুক্রবার গভীর রাত থেকে গাজায় ভারি বৃষ্টি ও তীব্র ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। এর ফলে ৭০ হাজার তাঁবু প্লাবিত হয়েছে আর বেশ কিছু দেয়াল ধসে পড়েছে। যুদ্ধবিধ্বস্ত এই ভূখণ্ডে সাহায্য সরবরাহের ওপর ইসরায়েলের কঠোর বিধিনিষেধ অব্যাহত থাকার কারণে গাজায় মানবিক সংকট চলছে, তার মধ্যেই এই বন্যা আরও দুর্ভোগ বয়ে এনেছে। গতকাল রোববার গাজা সিটি থেকে আল জাজিরার এক প্রতিনিধি জানান, ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত হওয়া ফিলিস্তিনিরা অস্থায়ী তাঁবুগুলোতে থাকতে বাধ্য হচ্ছেন, কিন্তু সেগুলো প্রতিকূল আবহাওয়া থেকে বাঁচার জন্য যথেষ্ট না। কয়েক ঘণ্টার ভারি বৃষ্টি ও তীব্র বাতাসে তাঁবুগুলো ছিঁড়ে গেছে আর বাসিন্দারা সেগুলো মেরামত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তিনি আরও জানান, প্রায় চার লাখ ফিলিস্তিনি এমন কিছু এলাকায় আশ্রয় নিয়ে আছেন যা 'অত্যন্ত ঝুঁকির্পূণ' হিসেবে বিবেচিত। বন্যা আরেকটু বাড়লে এসব এলাকা ডুবে যেতে পারে।
