নেতানিয়াহুকে সঙ্গে নিয়েই জোট সরকার গঠন করতে চান আইজেনকোট
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
ইসরায়েলের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিয়েছেন দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে থাকা গাদি আইজেনকোট। বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বাদ দিয়ে নয়, বরং তাকে সঙ্গে নিয়েই নতুন জোট সরকার গঠনের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন তিনি। গত রোববার জেরুজালেমে প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের কাছ থেকে সরকার গঠনের আনুষ্ঠানিক দায়িত্ব পাওয়ার পর এ কথা বলেন আইজেনকোট। এসময় তিনি নেতানিয়াহুর দল লিকুদ পার্টি এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের নেতৃত্বাধীন কট্টর ডানপন্থি রিলিজিয়াস জায়োনিজম পার্টিকেও তার নেতৃত্বাধীন সরকারে যোগ দেওয়ার আহ্বান জানান। আইজেনকোট বলেন, 'লিকুদ পার্টি ও রিলিজিয়াস জায়োনিজম পার্টির সদস্যরা যদি সত্যিই বিশ্বাস করেন যে এটি ঐক্যের সময়, তাহলে আমার নেতৃত্বাধীন সরকারের নীতিগুলোর ভিত্তিতে তাদের সমর্থন দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকার কথা নয়'। তবে নেতানিয়াহুকে সরাসরি প্রধানমন্ত্রী হিসেবে নয় বরং নেতানিয়াহুর নেতৃত্বের অবসান ঘটিয়ে নতুন সরকার গঠনের অঙ্গীকার করেছেন আইজেনকোট।
