আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর
১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের সিইও দারিও আমোদেই বলেছেন, আমার মনে হয়, এক দশকেরও কম সময়ের মধ্যে ক্যান্সার, আলঝেইমার, হৃদরোগ ও মানসিক ব্যাধি অতীত ইতিহাসে পরিণত হবে। আর এসব কোনো অজানা বা দুর্লভ শারীরিক সমস্যা নয়, বিশ্বের লাখ লাখ পরিবার এতে আক্রান্ত এবং কিছু রোগ আজ পর্যন্ত চিকিৎসার জগতে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ হিসেবে রয়েছে। আমোদেই বলেছেন, আমরা যদি এটি সঠিকভাবে করতে পারি, তাহলে আমরা অলৌকিক এক যুগ সৃষ্টি করতে পারব। যেখানে মানবজাতি এমন সব সমস্যার সমাধান করতে সক্ষম হবে, যা হাজার বছর ধরে আমাদের নাগালের বাইরে ছিল।
কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) এমন এক প্রযুক্তি হিসেবে দেখছেন আমোদেই, যা জীববিজ্ঞানের গবেষণা, ওষুধ আবিষ্কার এবং চিকিৎসা ক্ষেত্রের বড় অর্জনগুলোকে নাটকীয়ভাবে ত্বরান্বিত করতে সক্ষম।
আমোদেই একা নন। ইলন মাস্ক এবং গুগল এআইয়ের প্রধান ডেমিস হাসাবিসসহ অন্যান্য এআই নেতাদের কণ্ঠেও তার এই প্রতিশ্রুতির প্রতিধ্বনি শোনা গেছে। হাসাবিস বলেছেন, এআই ওষুধ আবিষ্কারের এক দশকের কাজকে কয়েক সপ্তাহে নামিয়ে আনতে পারে; যা এক দশকের মধ্যে 'রোগের অবসান' ঘটাতে বা সব রোগের নিরাময় নিশ্চিত করতে পারে।
