জোট সরকার নিয়ে নেতানিয়াহুর দলের সঙ্গে আলোচনা করবে না আইজেনকটের দল

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলের নতুন পার্লামেন্ট (নেসেট) সদস্য গাদি আইজেনকটের ইয়াশার দল জানিয়েছে, জোট নিয়ে আলোচনার জন্য বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গে প্রাথমিক বৈঠকের সময় ঠিক করা হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নেসেটে 'বিভাজনমূলক' ভাষণ দেওয়ার পর সেই বৈঠক বাতিল করা হয়েছে। দলটির বিবৃতিতে বলা হয়েছে, সরকার গঠনের জন্য ইয়াশার যে চারটি নীতি ঠিক করেছে, তার ভিত্তিতে নেসেটের সব দলের প্রতি ইয়াশার আন্তরিক ও সত্যিকারের আলোচনার আহ্বান জানিয়েছিল। এরই অংশ হিসেবে আইজেনকটের দল ও লিকুদের মধ্যে আলোচনা আগামীকাল বৃহস্পতিবার বৈঠকের সময় ঠিক হয়েছিল।

বিবৃতিতে বলা হয়, বিদায়ী প্রধানমন্ত্রীর বিভাজনমূলক ভাষণ ও নেসেটের শপথ অনুষ্ঠানে তাঁর লজ্জাজনক আচরণের কারণে ইয়াশারের চেয়ারম্যান গাদি আইজেনকট আগামীকাল লিকুদের প্রতিনিধিদের সঙ্গে নির্ধারিত আলোচনা বৈঠক বাতিলের নির্দেশ দিয়েছেন।

গত সোমবার নেতানিয়াহু বিরোধী নেতাদের একটি ঐক্যবদ্ধ সরকারে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তার ওই বক্তব্যের পর আলোচনা ভেঙে যাওয়ার খবর এল। গতকাল মঙ্গলবার নেসেটে নেতানিয়াহুর ভাষণকে আইজেনকট 'উদ্ভট, বিভাজনমূলক, বিদ্বেষপূর্ণ ও লজ্জাজনক' বলে উল্লেখ করেছেন। ভাষণে নেতানিয়াহু ইরানের পারমাণবিক হুমকির মুখে জাতীয় ঐক্যের সরকারের জন্য চাপ দিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন, সেই হুমকি ধ্বংস করতেই হবে।

ইয়াশারের বিবৃতিতে বলা হয়েছে, নেতানিয়াহু আলোচনার পথে না গিয়ে ইসরায়েলি নাগরিকদের বিভক্ত করার পথকেই বেছে নিচ্ছেন।

বিবৃতিতে বলা হয়েছে, বিদায়ী প্রধানমন্ত্রী আজ সন্ধ্যায় (গতকাল মঙ্গলবার) ইসরায়েলি নাগরিকদের ওপর আক্রমণ করেছেন। যাদের আরও প্রমাণ দরকার ছিল, তাদের জন্য এটি আরেকটি দুঃখজনক ঘটনা যে নেতানিয়াহু ঐক্য চান না।