গাজার হাসপাতালে ঘুমন্ত রোগীদের ওপর ইসরায়েলি হামলা, নিহত ছয়
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণ গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় ছয়জন নিহত এবং প্রায় ২০ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এক বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তার বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
বেসামরিক প্রতিরক্ষা দল নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরায়েলি বিমান হামলার পর তাদের তল্লাশি ও পরিদর্শন কার্যক্রম শেষ করেছে বলে নিশ্চিত করেছে। হাসপাতালের ভেতরে ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। চিকিৎসাকর্মী ও রোগীসহ আরও ২০ জনের বেশি আহত হয়েছেন। হামলায় খান ইউনিসে অবস্থিত নাসের মেডিকেল কমপ্লেক্সের দ্বিতীয় তলাকে লক্ষ্যবস্তু করা হয়। এটি গাজা উপত্যকার অন্যতম বৃহৎ হাসপাতাল এবং খান ইউনিসে এখনও টিকে থাকা একমাত্র হাসপাতাল, যা দক্ষিণ গাজার অন্তত ৫ লাখ মানুষকে সেবা দেয়। নিহত ও আহতদের বেশিরভাগই রোগী। তাদের মধ্যে এমন ব্যক্তিরাও ছিলেন, যাদের পরদিন অস্ত্রোপচারের কথা ছিল। কয়েক দিন ধরে চিকিৎসার জন্য অপেক্ষা করে তারা হাসপাতালের ভেতরে ঘুমিয়ে ছিলেন। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণ ছিল আকস্মিক। ইসরায়েলি বাহিনীর হাসপাতালটিকে লক্ষ্যবস্তু করার আগে কোনো সতর্কবার্তা বা সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়নি।
গত কয়েক বছরে একই হাসপাতাল সপ্তমবারের মতো লক্ষ্যবস্তু হলো। ২০২৫ সালের ২৫ আগস্টের হামলা ছিল সবচেয়ে প্রাণঘাতীগুলোর একটি। ওই দিন হাসপাতালে দুবার বোমা হামলা হয়, এতে পাঁচ সাংবাদিকসহ অন্তত ২২ ফিলিস্তিনি নিহত হন। কোনও পূর্বসতর্কতা ছাড়াই হাসপাতালটি বারবার হামলার শিকার হয়েছে।
