সীমান্ত বন্ধে ইরানকে কোণঠাসা করতে পারছে না যুক্তরাষ্ট্র

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে দেশটির স্থলসীমান্ত বন্ধ করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু প্রতিবেশী দেশগুলোর বিরোধিতায় ওয়াশিংটনের সেই চেষ্টা মুখ থুবড়ে পড়েছে। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য সামনে এসেছে। আগে থেকেই ইরানের জল ও আকাশপথের বাণিজ্য কড়া নজরদারিতে রেখেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এবার তাদের লক্ষ্য ছিল স্থলপথের বাণিজ্য বন্ধ করা। এই উদ্দেশ্যে তুরস্ক, ইরাক ও পাকিস্তান— এই তিন দেশকে সীমান্ত বন্ধ করতে চাপ দিচ্ছিল যুক্তরাষ্ট্র। কিন্তু দেশগুলো সাফ জানিয়ে দিয়েছে যে, এই মুহূর্তে সীমান্ত বন্ধ করা তাদের পক্ষে সম্ভব নয়। কারণ হিসেবে দেশগুলো জানিয়েছে, ইরানের সঙ্গে তাদের বিশাল অঙ্কের ব্যবসা রয়েছে। বিশেষ করে পাকিস্তান ও ইরাক জ্বালানি এবং বিদ্যুৎ আমদানির জন্য ইরানের ওপর অনেকখানি নির্ভর করে। তাছাড়া সীমান্ত এলাকার লাখ লাখ মানুষ এই বাণিজ্যের ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে। সীমান্ত পুরোপুরি বন্ধ করে দিলে সেখানে বড় ধরনের গণঅস্থিরতা বা হাঙ্গামা ছড়িয়ে পড়ার ভয় রয়েছে। এই আশঙ্কায় তুরস্ক নিয়ম বদলাতে রাজি হয়নি, আর ইরাক ও পাকিস্তানও ওয়াশিংটনের মনমতো সীমান্ত বন্ধ রাখেনি। কূটনৈতিকভাবে কাজ না হওয়ায় এবার নতুন এক পথ বেছে নিয়েছে যুক্তরাষ্ট্র।