শি-পুতিনের সঙ্গে বৈঠক করতে চীনে পৌঁছেছেন ট্রাম্প

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে 'এক অভূতপূর্ব ত্রিপক্ষীয় বৈঠকে' যোগ দিতে চীনের শেনজেনে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল বুধবার ট্রাম্প শেনজেনের বাওআন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে লাল গালিচা সংবর্ধনা দিয়ে তাকে স্বাগত জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এর মাধ্যমে প্রেসিডেন্ট হিসেবে এই প্রথম বিমানবন্দরে কোনো বিদেশি নেতাকে অভ্যর্থনা জানাতে আসলেন তিনি। এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও শহরটিতে পৌঁছান।

মূলত, শেনজেনে ১৮ থেকে ১৯ নভেম্বর অনুষ্ঠিতব্য এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীন গেছেন ট্রাম্প ও পুতিন। তবে এপেক সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার শীর্ষ নেতারা প্রথমবারের মতো একই টেবিলে আনুষ্ঠানিক ত্রিপক্ষীয় আলোচনায় বসতে যাচ্ছেন। এদিকে তিন নেতার মধ্যকার এই বৈঠককে আন্তর্জাতিক কূটনীতিতে নজিরবিহীন ঘটনা হিসেবে দেখা হচ্ছে। বৈঠকে পারমাণবিক অস্ত্রের মজুত কমানো, আন্তর্জাতিক নিরাপত্তা, ইরান যুদ্ধ, ইউক্রেন যুদ্ধ এবং বাণিজ্যিক সম্পর্কের মতো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আসতে পারে। বিশেষ করে বিশ্বের তিন বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা আন্তর্জাতিক মহলে বিশেষ গুরুত্ব পাচ্ছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, পারমাণবিক অস্ত্রের মজুত কমানোর বিষয়টি আলোচনার অন্যতম প্রধান এজেন্ডা। তবে বৈঠক থেকে তাৎক্ষণিক কোনো চুক্তি বা বড় ধরনের সমঝোতা আসবে বলে ওয়াশিংটন আশা করছে না। এদিকে গত মঙ্গলবার শেনজেনে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন পুতিন। বৈঠকে পুতিনকে 'পুরোনো বন্ধু' হিসেবে অভিহিত করেছেন শি।