ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
নিহত আট
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়া গত বৃহস্পতিবার রাতভর ইউক্রেনের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে ৪ শতাধিক ড্রোন এবং ১১০টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের হামলার প্রতিশোধ নিতেই রাশিয়া ওই ভয়াবহ পাল্টা হামলা চালায়।
রুশ প্রতিরক্ষা বাহিনীর ব্যাপক এই হামলায় নিহত হয়েছেন অন্তত ৮ জন এবং ইউক্রেনের বিভিন্ন সেতু, পরিষেবা অবকাঠামো এবং রেলপথ ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর এএফপির। গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। টেলিগ্রাম পোস্টে বৃহস্পতিবারের হামলাকে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অন্যতম বড় হামলা উল্লেখ করে জেলেনস্কি বলেছেন, রাশিয়া ইউক্রেনকে লক্ষ্য করে ৪০০টিরও বেশি আক্রমণাত্মক ড্রোন এবং ২৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ মোট ১১০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রুশ বাহিনী। হামলায় অন্তত আটজন ইউক্রেনীয় নাগরিক নিহত হয়েছেন।
এছাড়া অবকাঠামো, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ও রেলওয়ে স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও টেলিগ্রাম পোস্টে উল্লেখ করেছেন তিনি। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত চালানো হামলায় রুশ বাহিনী রাজধানী কিয়েভে দিনিপ্রো নদীর ওপর তিনটি সেতুকেও লক্ষ্যবস্তু করেছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে ইউক্রেনীয় সেতু লক্ষ্য করে এটিই রুশ বাহিনীর সবচেয়ে বড় হামলা। বৃহস্পতিবার রাতভর রাজধানীজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পর বাসিন্দারা মেট্রো স্টেশনগুলোতে আশ্রয় নেন। জেলেনস্কির অভিযোগ, চীনে যুক্তরাষ্ট্র-রাশিয়া-চীনের ত্রিপক্ষীয় বৈঠক 'দুর্বল' হওয়া এবং বিশ্বকে নতুন করে সাজানোর ক্ষেত্রে মস্কোর ব্যর্থতার পরপরই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অত্যন্ত 'প্রদর্শনমূলক' কায়দায় এই হামলার নির্দেশ দিয়েছেন।
তিনি জানান, রাশিয়া ক্লাস্টার ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এবং অত্যন্ত ধ্বংসাত্মক কৌশল অবলম্বন করেছে। জেলেনস্কির ভাষ্যমতে, রুশ বাহিনী কয়েকটি ধাপে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
প্রতিটি হামলার মাঝে ২০ থেকে ৩০ মিনিটের বিরতি রাখা হয়েছে, যাতে জরুরি কর্মীরা আগুন নেভানো, ধ্বংসস্তূপ পরিষ্কার করা বা প্রয়োজনীয় পরিষেবা পুনরুদ্ধারের কাজ সহজে করতে না পারেন। পৃথক এক বার্তায় ইউক্রেনের প্রধানমন্ত্রী সেরগি কোরেৎস্কি জানিয়েছেন, নিহত আটজনের মধ্যে ছয়জন কিয়েভের এবং বাকি দুজন লভিভের একটি রেলওয়ে স্টেশনে প্রাণ হারিয়েছেন। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, রুশ বাহিনীর হামলায় পোদিলস্কো-ভোসক্রে সেনস্কি, দারনিতস্কি এবং পিভদেনিয়ি— এই তিন সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। দিনিপ্রো নদীর ওপর অবস্থিত এই সেতুগুলো রাজধানীর দুই প্রান্তকে সংযুক্ত করেছে। তিনি বাসিন্দাদের গাড়িতে করে কর্মস্থলে যাতায়াত না করার আহ্বান জানিয়েছেন। যুদ্ধের আগে কিয়েভের ৩০ লাখ বাসিন্দার এক-তৃতীয়াংশেরও বেশি মানুষ দিনিপ্রো নদীর পূর্ব তীরে বসবাস করতেন। তাদের অধিকাংশ আবার কাজ করতেন পশ্চিম তীরে—অর্থাৎ নদীর ডান তীরের অংশে। কারণ কিয়েভের বেশিরভাগ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও কল-কারখানা এই ডান তীরে অবস্থিত।
ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া ৮৪টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং এগুলোর প্রায় সবগুলোই আটকে দিয়ে ধ্বংস করা হয়েছে।
