তীব্র শীতে কাঁপছে কাশ্মীর ও লাদাখ
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
মৌসুমের শুরুতেই তীব্র ও অস্বাভাবিক শৈত্যপ্রবাহের কবলে পড়েছে ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর এবং লাদাখ। উভয় অঞ্চলের অধিকাংশ এলাকায় তাপমাত্রা হিমাঙ্কের কয়েক ডিগ্রি নিচে নেমে গেছে। কাশ্মীর উপত্যকার শোপিয়ানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাইনাস ৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং লাদাখের দ্রাসে তাপমাত্রা নেমে গেছে মাইনাস ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে। গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরেও চলতি মৌসুমের শীতলতম রাত পার হয়েছে; সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক গড় তাপমাত্রার চেয়ে প্রায় ২ ডিগ্রি কম। শ্রীনগর বিমানবন্দর এলাকায় পারদ আরও নেমে মাইনাস ২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে।
