গাজায় হামাস প্রধানের ছেলেকে হত্যার চেষ্টা চালিয়েছে ইসরাইল : হামাস

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান খলিল আল-হাইয়ার এক ছেলেকে হত্যার চেষ্টা চালিয়েছে ইসরাইল। শুক্রবার রাতে গাজায় চালানো এক বিমান হামলায় তাকে লক্ষ্যবস্তু করা হয় বলে জানিয়েছে হামাস।

গাজার একটি নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছে, তিনি ওই হামলা থেকে প্রাণে বেঁচে গেছেন। খবর বার্তা সংস্থা এএফপি'র। যুদ্ধবিধ্বস্ত গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও সাম্প্রতিক দিনগুলোতে হামাসের বিভিন্ন কর্মকর্তাকে লক্ষ্য করে ইসরাইলি বাহিনীর ধারাবাহিক হামলার মধ্যে সর্বশেষ এ ঘটনা ঘটল। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, শুক্রবার পুরো উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় সাতজন নিহত হয়েছেন। গাজার একটি নিরাপত্তা সূত্র এএফপিকে জানায়, হামাসের রাজনৈতিক শাখার প্রধান খলিল আল-হাইয়ার জীবিত থাকা ছেলেদের মধ্যে সবচেয়ে ছোট ইজ্জ আল-দিন আল-হাইয়া এবং তার ও প্রয়াত ভাই আজ্জামের পরিবারের সদস্যরা শুক্রবার ভোরে ইসরাইলের একটি হত্যাচেষ্টা থেকে রক্ষা পেয়েছেন। গাজা সিটির পশ্চিমাঞ্চলের রিমাল এলাকায় একটি আবাসিক অ্যাপার্টমেন্টে এ হামলা চালানো হয়। এ বিষয়ে এএফপির পক্ষ থেকে জানতে চাওয়া হলে ইসরাইলি সামরিক বাহিনী জানায়, তারা ঘটনাটি খতিয়ে দেখছে। হামাসের রাজনৈতিক শাখার সদস্য বাসেম নাইম এএফপিকে বলেন, সংগঠনটির রাজনৈতিক শাখার প্রধান খলিল আল-হাইয়ার ছোট ছেলেকে লক্ষ্য করে ইসরাইলের এ হামলার চেষ্টা 'রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ'-এর শামিল। অন্যদিকে, এক বিবৃতিতে হামাস এ হামলাকে 'কাপুরুষোচিত' বলে আখ্যা দিয়েছে। ইসরাইলি হামলায় খলিল আল-হাইয়ার চার ছেলে ইতোমধ্যেই নিহত হয়েছেন।