গাজায় দুই এমএসএফ কর্মীকে হত্যার ঘটনায় জাতিসংঘ মহাসচিবের নিন্দা
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

গাজার একটি ক্লিনিকে ইসরাইলি সামরিক বাহিনীর হামলায় আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ)-এর দুই কর্মী নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তবে ইসরাইলি সামরিক বাহিনী নিহত ওই দুজনকে হামাসের 'সন্ত্রাসী' হিসেবে আখ্যা দিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি'র।
যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও শুক্রবার রাতে এ হামলার ঘটনা ঘটে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধানও এর তীব্র নিন্দা জানিয়েছেন। এমএসএফ এক বিবৃতিতে জানিয়েছে, তাদের দুই কর্মীর মৃত্যুতে তারা গভীরভাবে মর্মাহত। নিহত ব্যক্তিরা ওই ক্লিনিকে নিরাপত্তাকর্মী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সংস্থাটি তাদের স্থাপনায় সরাসরি হামলার নিন্দা জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এমএসএফ লিখেছে, আমাদের স্থাপনায় স্পষ্টভাবে এমএসএফের লোগো লাগানো ছিল। এ ছাড়া স্থাপনাটির অবস্থান ইসরাইলি সামরিক বাহিনীকে জানানো হয়েছিল এবং তারা এ বিষয়ে অবগত ছিল।
জাতিসংঘের এক বিবৃতিতে বলা হয়, গুতেরেস এমএসএফের পাশে রয়েছেন। তিনি আবারও বলেছেন, আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী সব পক্ষকে তাদের দায়িত্ব পালন করতে হবে। এর মধ্যে হাসপাতাল, ক্লিনিক, চিকিৎসাকর্মী ও মানবিক সহায়তাকর্মীদের সুরক্ষা নিশ্চিত করার বাধ্যবাধকতাও রয়েছে।
ইসরাইলি সামরিক বাহিনী নিহত দুজনকে আহমদ আবু হাসিরা এবং হামাসের আর্টিলারি ইউনিটের কমান্ডার মোয়াজ সোবহ হিসেবে শনাক্ত করেছে। এক বিবৃতিতে ইসরাইলি বাহিনী জানায়, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার পাশাপাশি ওই দুজন ডক্টরস উইদাউট বর্ডার্স পরিচালিত একটি ক্লিনিকে নিরাপত্তাকর্মী হিসেবেও কাজ করতেন।
ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, হামলাটি কোনো হাসপাতালকে লক্ষ্য করে চালানো হয়নি এবং ওই এলাকার চিকিৎসা অবকাঠামোর কোনো ক্ষতি হয়নি। ফ্রান্সে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত হালা আবু হাসিরা জানিয়েছেন, নিহত দুজনের একজন তার ২৫ বছর বয়সী চাচাতো ভাই। তিনি তাকে পরিবারের 'সবচেয়ে ভালো মানুষ' হিসেবে বর্ণনা করেছেন। এক্সে তিনি লেখেছেন, মানবিক সহায়তা স্থাপনা, ক্লিনিক কিংবা সেখানকার কর্মী—কেউই ইসরাইলের বর্বরতা থেকে রেহাই পাচ্ছেন না।
গত শনিবার এএফপির ভিডিও ফুটেজে দেখা যায়, নিহত আহমদ আবু হাসিরার মরদেহ ঘিরে স্বজনেরা কান্নায় ভেঙে পড়েছেন। তারা তার মুখে হাত বুলিয়ে ও চুমু খেয়ে পরে জানাজার জন্য মরদেহ নিয়ে শোকমিছিল করেন।
নিহতের আরেক স্বজন, যার নামও আহমদ আবু হাসিরা বলেন, তিনি একজন নিরস্ত্র বেসামরিক নাগরিক ছিলেন। গাজা উপত্যকার কোনো রাজনৈতিক দল বা সামরিক সংগঠনের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিলেন না। নিজের দায়িত্ব পালন করার সময় তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
তিনি আরও বলেন, চলমান অপরাধ, প্রতিদিনের হত্যাকাণ্ড ও রক্তপাত বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়াসুস দ্রুত এ হামলার নিন্দা জানান। এক্সে তিনি লেখেছেন, গাজায় স্বাস্থ্যসেবা কেন্দ্র, চিকিৎসাকর্মী ও মানবিক সহায়তাকর্মীদের ওপর হামলা অত্যন্ত নিন্দনীয় এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব হামলা অবশ্যই বন্ধ করতে হবে। এমএসএফ জানিয়েছে, এ হামলার মধ্য দিয়ে গাজায় তাদের নিহত কর্মীর সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে।
সংস্থাটি এর আগে বলেছে, তাদের কর্মীদের সঙ্গে সন্ত্রাসবাদের সম্পর্ক রয়েছে বলে ইসরাইলি কর্তৃপক্ষ যেসব অভিযোগ করেছে, সেগুলো তারা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। তবে এমএসএফের দাবি, সামরিক কর্মকাণ্ডে জড়িত কোনো ব্যক্তিকে তারা জেনেশুনে কখনো নিয়োগ দেবে না। কর্মী নিয়োগের ক্ষেত্রে তাদের কঠোর যাচাই-বাছাই প্রক্রিয়া রয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার মধ্য দিয়ে গাজায় ভয়াবহ যুদ্ধ শুরু হয়। ওই হামলায় এক হাজার ২০০ জনের বেশি মানুষ নিহত হন। এর জবাবে ইসরাইলের ব্যাপক সামরিক অভিযানে গাজার অধিকাংশ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৭৪ হাজার ৭০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘের বিবেচনায় এ পরিসংখ্যান নির্ভরযোগ্য। ২০২৫ সালের অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতিও রক্তপাত বন্ধ করতে পারেনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের ভিত্তিতে এএফপির হিসাব অনুযায়ী, যুদ্ধবিরতি শুরুর পর থেকে এ পর্যন্ত এক হাজার ৬৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে ইসরাইলি সামরিক বাহিনীর দাবি অনুযায়ী, তাদের সাত সেনা এবং একজন বেসামরিক ঠিকাদার নিহত হয়েছেন। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে ইসরাইল ও হামাস নিয়মিত একে অপরকে দোষারোপ করে আসছে।
