গ্রন্থলোক

মুহাম্মাদ দ্য গ্রেটেস্ট সাইকোলজিস্ট

প্রকাশ : ১০ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

বই : মুহাম্মাদ দ্য গ্রেটেস্ট সাইকোলজিস্ট

লেখক : আশরাফ আলী

প্রকাশক : রাহনুমা প্রকাশনী

পৃষ্ঠা : ১৭৬

দাম : ৪০০ টাকা

সংযোগ : ০১৭৫৯ ০৩৮৫৭৪

রাসুলুল্লাহ (সা.)-এর জীবন বা সিরাত নিয়ে যুগে যুগে অসংখ্য কিতাব ও গবেষণাগ্রন্থ রচিত হয়েছে। তার যুদ্ধনীতি, রাষ্ট্র পরিচালনা, ইবাদত ইত্যাদি বিষয় নিয়ে আমরা অনেক গ্রন্থ পড়েছি, কিন্তু একজন মানুষের মনস্তত্ত্ব বুঝতে এবং সে অনুযায়ী আচরণ করতে তিনি কতটা অনন্য ছিলেন, তা নিয়ে আলোচনার পরিধি খুব একটা বড় নয়। এ অভাবটিই পূরণ করেছে ‘মুহাম্মাদ দ্য গ্রেটেস্ট সাইকোলজিস্ট’ গ্রন্থটি। লিখেছেন সম্ভাবনাময় তরুণ গবেষক আলেম ও লেখক মাওলানা আশরাফ আলী।

বইটির মূল প্রতিপাদ্য : বইটি মূলত একটি পিওর সাইকোলজি বা তাত্ত্বিক মনোবিজ্ঞানের বই নয়; বরং মনোবিজ্ঞানের একটি বিশেষ শাখা ‘আচরণ মনোবিজ্ঞান’ (Behavioral Psychology) নিয়ে আলোচনা করা হয়েছে। লেখক দেখিয়েছেন, নবীজি (সা.) বিভিন্ন পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন মানসিকতার মানুষের সঙ্গে কেমন আচরণ করতেন এবং সেই আচরণের পেছনে কী ধরনের মনস্তাত্ত্বিক কারণ বা প্রভাব ছিল।

বিষয়বস্তু ও বিন্যাস : পুরো বইটি মানুষের আচরণের আটটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ নিয়ে সাজানো হয়েছে। এ আটটি বিষয় হলো- ১. সন্দেহ, ২. বিচক্ষণতা, ৩. রাগ, ৪. গাম্ভীর্য, ৫. সাহস, ৬. ভুল, ৭. ক্ষমা ও উদারতা এবং ৮. রসিকতা। প্রতিটি বিষয়ে রাসুলুল্লাহ (সা.)-এর জীবনের বিভিন্ন ঘটনা ও হাদিস উল্লেখ করা হয়েছে। এরপর আধুনিক মনোবিজ্ঞানের দৃষ্টিতে সেই ঘটনাগুলোর চমৎকার ব্যাখ্যা দেওয়া হয়েছে। যেমন- কারও ওপর রাগ নিয়ন্ত্রণ করা কেন জরুরি কিংবা কারও ভুল সংশোধনের ক্ষেত্রে নবীজি (সা.)-এর পদ্ধতি বর্তমানের ‘পজিটিভ সাইকোলজি’র সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, তা এখানে ফুটে উঠেছে।

বইটি কেন পড়া দরকার : বইটির সবচেয়ে শক্তিশালী দিক হলো, এর সাবলীল ও প্রাঞ্জল ভাষা। বিষয়ের গভীরতা থাকলেও তা সাধারণ পাঠকের জন্য অত্যন্ত সহজবোধ্য করে উপস্থাপন করা হয়েছে। বিশেষ করে, সামাজিক যোগাযোগ ও মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে নবীজি (সা.)-এর সুন্নাহ যে কতটা বিজ্ঞানসম্মত, তা এ বই না পড়লে অজানাই থেকে যাবে। বর্তমান সময়ে যারা নিজেদের আচরণ উন্নত করতে চান এবং নবীজি (সা.)-এর জীবনকে নতুন এক দৃষ্টিকোণ থেকে দেখতে চান, তাদের জন্য এটি অতি চমৎকার ও অনন্য সংগ্রহ।

আবু তাকরিম