প্রিন্ট সংস্করণ
০০:০০, ০১ জুলাই, ২০২২
ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি হলো হজ। হজ আর্থিক এবং শারীরিক কসরতের ইবাদত। নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট কতিপয় নিয়মে হজ পালান করা হয়। হজ রবের নৈকট্য লাভ, আদেশ পালনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ইবাদত। সবচেয়ে বড় ব্যাপার বাইতুল্লাহ শরিফের গিলাফ ছোঁয়া, হাজরে আসওয়াদ চুম্বন, আরাফাতের ময়দানে, মদিনাতুল মুনাওয়ারা রাসুলের স্মৃতির সঙ্গে মোলাকাত। হজরত হাজেরা (আ.)-এর স্মৃতিচারণ। মোটকথা হজের প্রতিটি বিষয় মিলে মুসলমানদের পুঞ্জীভূত স্বপ্ন, আবেগ, ভালোবাসা, মহাত্ম্যে জড়িত একটি ফরজ ইবাদত।
আল্লাহতায়ালা এরশাদ করেন- ‘এবং তোমরা আল্লাহর জন্য হজ ও ওমরা পরিপূর্ণভাবে পালন কর।’ (সুরা বাকারা : ১৯৬)। আল্লাহতায়ালা আরও বলেন, ‘আর আল্লাহর জন্য মানুষের ওপর পবিত্র ঘরের হজ করা (অবশ্য) কর্তব্য; যে লোকের সামর্থ্য রয়েছে এ পর্যন্ত পৌঁছার। আর যে লোক তা অস্বীকার করে (তাহলে সে জেনে রাখুক) আল্লাহ সারা বিশ্বের কোনো কিছুরই পরওয়া করেন না।’ (সুরা আল-ইমরান : ৯৭)।
হজ শুধুই গতানুগতিক ধারার একটি ইবাদত নয়। ইসলামের প্রতিটি ইবাদাতের মধ্যেই তাৎপর্য থাকে। হজের অন্যতম তাৎপর্য হচ্ছে, হজ মুসলিম উম্মাহর ঐক্যের প্রতীক। বাইতুল্লাহ ও আরাফাতে গিয়ে মুসলিম খুঁজে নেয় যেন আপন পরিচয়। তারা ভিন্নদেশ, ভিন্ন ভাষা, কালচার, দৈহিক গঠন-বর্ণের ভিন্নতার ঊর্ধ্বে গিয়ে মহান রবের নিকট নিজেকে সঁপে দেওয়ার মানে; আমরা চাইলেই জাগতিক সব ভিন্নতার ঊর্ধ্বে গিয়ে এক হতে জানি। হজকে ঘিরে মুসলিমদের বিশাল এ জমায়েত একথারই জানান দেয়। হে বিশ্ব মুসলিম উম্মাহ! তোমরা যেমন সব বেড়াজাল চূর্ণ করে, ‘লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক!’ ধ্বনি তুলে এ জমায়েতে মিলিত হয়েছ। তেমনি ইসলামের বিরুদ্ধে কোথাও কেউ আঘাত হানলে এক প্রভুর তাকবির তুলে একত্রিত হতে পার। তুমি কোন দেশের, কোন ভাষার সেটা মুখ্য নয়।
ইসলাম, আল্লাহ, রাসুল (সা.), কোরআনের পক্ষে তোমাদের ভাষা একটাই- ‘আশহাদু আল-লা-ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু-আন্না-মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহ!’ তোমাদের পরিচয় একটাই- আমি, তুমি, আমরা সবাই মুসলমান। ইসলামের বিরুদ্ধে কোথাও কেউ মাথাচাড়া দিয়ে উঠতে চাইলে বিশ্ব মুসলিম মুষ্টিবদ্ধ হাতের মতো একত্রিত হয়ে তা প্রতিহত করবে। এটাই মোমিনের শান।
সব ভিন্নতা পেছনে ফেলে আরাফার ময়দানে সম্মিলিত হওয়া, বাইতুল্লাহ তাওয়াফ করা, একই ধ্বনি তোলা এই সাক্ষ্যদান শুধু হজেই সীমাবদ্ধ নয়; বরং এতে আল্লাহর প্রতি বান্দাদের প্রত্যক্ষ বশ্যতা, সারা জিন্দেগি ঐক্যকে আঁকড়ে ধরার প্রতিজ্ঞা। একতার সুবার্তা পৌঁছে দেওয়া পৃথিবীর দিকে দিকে। আমরা অবিচ্ছেদ্য এক মুষ্টিবদ্ধ জাতি। সারা বিশ্ব থেকে যত মুসলিম হজ পালনের উদ্দেশ্যে বাইতুল্লায় অবস্থান করছেন, তাদের হজগুলো আল্লাহ মাকবুল করুন। আমাদের হজের প্রকৃত অর্থ বোঝার তৌফিক দান করুন!
শিক্ষার্থী : কামিল হাদিস বিভাগ, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা, ফরিদগঞ্জ, চাঁদপুর